সমাধানে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মোয়াজ্জেম আলী
সৈয়দ মোয়াজ্জেম আলী

আসামের নবনির্বাচিত সরকার ‘অনুপ্রবেশ’কে সমস্যা মনে করলে বাংলাদেশ সরকার তার সমাধানে পূর্ণ সহযোগিতায় প্রস্তুত। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল শুক্রবার এ কথা বলেন। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশ মনে করে, ভারতের পাঁচ রাজ্যের এই ভোটের পর দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিস্তা চুক্তির জটও অচিরে খুলে যাবে।
সাম্প্রতিক আসাম নির্বাচনের প্রচারে বিজেপি ও তার সহযোগী দল অসম গণপরিষদ (অগপ) ‘অনুপ্রবেশ’ সমস্যাকে বড় করে তুলে ধরেছিল। ক্ষমতায় আসার পর আসামের শাসক​েগাষ্ঠী এই সমস্যাকে বড় করে তুলে ধরলে দ্বিপক্ষীয় সম্পর্কে তার প্রভাব পড়ার একটা আশঙ্কা থাকতে পারে। এ বিষয়ে বাংলাদেশ শঙ্কিত কি না, প্রশ্ন করা হলে মোয়াজ্জেম আলী বলেন, ‘নির্বাচনী প্রচারে অনেক দলই অনেক কিছু বলে থাকে, যদিও ভোটের পরে তা গুরুত্ব হারায়। তবে নতুন সরকার অনুপ্রবেশকে বড় সমস্যা মনে করলে তার সমাধানে বাংলাদেশ পূর্ণ সহযোগিতায় প্রস্তুত ও আগ্রহী।’ তিনি আরও বলেন, ‘আমরাও অনুপ্রবেশ চাই না। সমর্থন করি না। আসামের সীমান্তে আমরা চেকপোস্ট করেছি। গুয়াহাটিতে নতুন ভিসা অফিস খুলছি। বাস সার্ভিস চালু করেছি। সেটা নিয়মিত করার চেষ্টা চলছে। ভাবনা চলছে নিয়মিত বিমান পরিষেবারও। সব ঠিকমতো চললে এ বছরেই গুয়াহাটিতে আমরা উপ হাইকমিশন খুলব। আসামের নতুন সরকারের সঙ্গে সব বিষয়ে সব ধরনের সহযোগিতাতেই বাংলাদেশ আগ্রহী, যাতে করে অভিযোগের কোনো অবকাশ না থাকে।’

ভারতের পাঁচ রাজ্যের ভোটের ওপর নজর রাখলেও আসাম ও পশ্চিমবঙ্গের ফলের প্রতি বাংলাদেশের বিশেষ নজর ছিল। কারণ, হাইকমিশনারের মতে, ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে এই দুই রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড়। বাংলাদেশ ও ভারতের স্বার্থও একে অন্যের সঙ্গে জড়িত। আর এ কারণেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্দান্ত জয় বাংলাদেশকে অনেক বিষয়ে আশ্বস্ত করেছে। সবচেয়ে বড় আশা অবশ্যই তিস্তা চুক্তি। মোয়াজ্জেম আলী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন, তাঁর সঙ্গে মাটির যোগ কতটা নিবিড়। মানুষের নাড়ির স্পন্দন তিনি কতখানি বোঝেন। জনতার যে বিপুল রায় এবার মমতা পেয়েছেন, প্রশাসক হিসেবে তা তাঁর আস্থা আরও বাড়িয়ে দেবে। কাজেই আমাদের বিশ্বাস তিস্তা চুক্তি রূপায়ণে এবার তিনি তাঁর কথা রাখবেন।’ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে গিয়ে মমতা বলে এসেছিলেন তাঁর ওপর ভরসা রাখতে। সেই ভরসা আমরা হারাইনি।’

ভরসা ও আস্থা রয়েছে আসামের নতুন কান্ডারি সর্বানন্দ সোনোয়ালের ক্ষমতার ওপরেও। বছরের প্রথম দিকে সাফ গেমসে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে হাইকমিশনারও আসামে গিয়েছিলেন। তখনই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দর সঙ্গে তাঁর পরিচয়। সর্বানন্দর পরিচালন দক্ষতা তাঁর নজর কেড়েছিল। হাইকমিশনারের আশা, নতুন মুখ্যমন্ত্রীর আধুনিকতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্কের এক নয়া দিগন্ত খুলে দেবে।

মোয়াজ্জেম আলী মনে করেন, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যত বাড়বে, দুই দেশ তত ঘনিষ্ঠ হবে। ততই বেড়ে যাবে সব ধরনের সহযোগিতা। দুই দেশের দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি এ কারণেই জীবনের সব ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়িয়ে চলেছেন। কিন্তু মানুষের সঙ্গে মানুষের এই যোগাযোগ বৃদ্ধির পথে অন্যতম একটি অন্তরায় ভিসা সমস্যা। এ সমস্যাটির সমাধানে দুই দেশই আন্তরিক জানিয়ে বাংলাদেশের হাইকমিশনার বলেন, আশা করা যায়, শিগগির এর সুরাহা হয়ে যাবে।

বাংলাদেশ থেকে ভারত দৈনিক তিন হাজার এবং ভারতের চার শহর থেকে বাংলাদেশ দৈনিক দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করে থাকে। বাংলাদেশিদের কাছে ভারতের ভিসার চাহিদা এর অনেক বেশি। সে কারণে হয়রানির অভিযোগ অনেক দিন ধরেই উঠছে। ভিসার এই চাপ কমানোর জন্য কিছু প্রস্তাব বিবেচনা করছে ভারত। যেমন ব্যবসায়ীদের ভিসার মেয়াদ পাঁচ বছর করে দেওয়া, যাঁরা একাধিকবার ভারতে আসা-যাওয়া করেছেন তাঁদের জন্য ই-ভিসার প্রচলন, আরও বেশি জায়গা থেকে ভিসা ইস্যু করা এবং ভিসা ‘অন অ্যারাইভাল’ ব্যবস্থার প্রচলন।

মোয়াজ্জেম আলী বলেন, ‘ভিসা অন অ্যারাইভাল হয়ে গেলে না হবে হয়রানি, না থাকবে কোনো অভিযোগ। আমরা নীতিগতভাবে এই প্রস্তাবে রাজি। তবে এ বিষয়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে আরও আলাপ-আলোচনা করতে হবে।’ হাইকমিশনার বলেন, গুয়াহাটি ও চেন্নাই থেকেও ভিসা ইস্যুর ব্যবস্থা হতে চলেছে। চেন্নাইয়ের কথা ভাবা হয়েছে বাণিজ্যিক কারণে।

সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, এত বছর বিজেপির পরিচয় ছিল গো-বলয়ের দল হিসেবে। কিন্তু এই নির্বাচনের পর নরেন্দ্র মোদি-অমিত শাহর নেতৃত্বে বিজেপি সর্বভারতীয় দল হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে।