সমাধানের উদ্যোগ থেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান সংকট সমাধানের উদ্যোগ থেমে গেছে। শিক্ষকেরা গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করার পর সমস্যা সমাধানের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমরা যখন একটা সমাধানের পথেই যাচ্ছিলাম, তখন শিক্ষকেরাই গণপদত্যাগের মতো কর্মসূচি দিয়ে পুরো উদ্যোগকে জটিল করে তুলেছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছি না। তার পরও আমরা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আমরা সব সময়ই শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল।’শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সরকারের মনোভাব ছিল বুয়েটের সাবেক তিন উপাচার্য, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি, বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের মতামত অনুযায়ী বর্তমান উপাচার্য এস এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সম্মানজনকভাবে সরিয়ে দেওয়া। কিন্তু এঁদের সঙ্গে আলোচনার দিনই বুয়েটের শিক্ষকেরা দাবি পূরণে সময় বেঁধে দিয়ে গণপদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের শীর্ষ মহল বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপর থেকেই উদ্যোগের বিষয়টি থেমে আছে। এদিকে উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ দাবিতে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন অব্যাহত আছে। গতকালও তাঁরা বুয়েট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই ঘণ্টার কর্মসূচি কমিয়ে আনা হয়। বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করে সেখান থেকে একটি মৌন মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে যাই। তবে আজ মঙ্গলবার আবার কর্মসূচি অনুষ্ঠিত হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যদি কিছুই না করে তাহলে আগামী ৩০ জুলাই সমিতির সভা করে হয়তো যে চূড়ান্ত সিদ্ধান্ত (গণপদত্যাগ) নেওয়া আছে, সেটাই করা হবে।বুয়েটের বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের দাবিতে ১১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।