সমাধানের উপায় জানতে চাইলেন কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ঢাকায় কর্মরত বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিরা চলমান সহিংসতাকে গণতন্ত্রের পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তাঁরা সহিংসতা থেকে বেরিয়ে আসার উপায় জানতে চেয়েছেন সরকারের কাছে।
আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ব্রিফিংয়ে কূটনীতিকেরা সহিংসতার বিষয়ে তাঁদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। এ সময় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান কূটনীতিকদের অবহিত করেন।
ব্রিফিংয়ে অংশ নেওয়া বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কূটনীতিকেরা সহিংসতা নিয়ে জানতে চাইলেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা, রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের গুরুত্ব ও মৌলিক গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার মতো বিষয়গুলো নিয়ে তেমন কিছু জানতে চাননি।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধি শুধু সহিংসতা নিয়ে তাঁদের উদ্বেগ আর সমাধানের উপায় জানতে চেয়েছেন।
তবে ব্রিফিংয়ে সংলাপ ও গণতান্ত্রিক অধিকার নিয়ে কোনো প্রশ্ন না করলেও ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গঠনমূলক রাজনৈতিক সংলাপের তাগিদ দিয়েছেন। তাঁর মতে, রাজনৈতিক সংলাপ বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির পথ সুগম করবে। তিনি শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য সব পক্ষকে আহ্বান জানান। সমাবেশ ও বাকস্বাধীনতা চর্চার প্রতি শ্রদ্ধাশীল থাকতে তিনি আহ্বান জানান।
ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাঁর দপ্তরে সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিকে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। কূটনীতিকেরা চলমান সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছেন।
সহিংসতা প্রসঙ্গে গত বছরের ১৬ জানুয়ারি ও ১৮ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টের দেওয়া দুটি প্রস্তাবের বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ওই দুই প্রস্তাবে বাংলাদেশে সহিংসতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। এ ধরনের তৎপরতায় যুক্ত রাজনৈতিক দলকে ইউরোপীয় পার্লামেন্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মতো সংগঠনের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।
সংলাপ নিয়ে ব্রিফিংয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শহীদুল হক বলেন, বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংয়ে আলোচনা হয়েছে।
চলমান পরিস্থিতি ছাড়াও গত এক বছরে সরকারের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের অবহিত করেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিজেপির সভাপতি অমিত শাহ্‌র ফোনালাপ ও ছয় মার্কিন কংগ্রেস সদস্যের বিবৃতির প্রসঙ্গ টানেন। তদন্ত শেষে এ দুটি বিষয় যে পুরোপুরি মিথ্যা, সেটি তিনি তাঁদের জানান।
১৪ জানুয়ারি আরেকটি ব্রিফিংয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকেরা সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানান। তাঁরা সমাবেশ, চলাচল ও বক্তৃতার স্বাধীনতায় বাধা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ১৬ জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানির বিবৃতিতেও ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের প্রতিফলন ঘটে।