সমাধি থেকে মরদেহ তুলে ফের সুরতহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে নড়াইলে নিহত কাঠমিস্ত্রি নীল কোমলের মরদেহ গতকাল শুক্রবার বিকেলে সমাধি থেকে উত্তোলন করে আবার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি মহাশ্মশানে নীল কোমলকে গত সোমবার সন্ধ্যায় সমাধিস্থ করা হয়।

নড়াইলের নির্বাহী হাকিম মো. আজিম উদ্দিন গতকাল বিকেলে মরদেহ সমাধি থেকে উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় সদর থানার ওসি মো. দেলোয়ার হোসেন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায়, শিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ, নীল কোমলের স্ত্রী সুনিতা রায়, ছেলে নৃপেণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

জমিসংক্রান্ত ঘটনায় গত ২৯ জুলাই সন্ধ্যায় নীল কোমলকে প্রতিবেশী মিল্টন কাজী ও তাঁর সহযোগীরা বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় স্কুল মাঠে পিটিয়ে ফেলে রেখে যান। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন রাত ১০টার দিকে তিনি মারা যান। ৩১ জুলাই সদর উপজেলার মির্জাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল হক মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃতদেহের বাঁ ঊরুতে একটি কালো দাগের চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রী সুনিতা রায়সহ প্রত্যক্ষদর্শীরা জানান, নীল কোমলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। মামলার বাদী নিহতের ভাইপো গণেশ রায় বৃহস্পতিবার নড়াইল সদর আদালতে মরদেহ উত্তোলন করে পুনরায় সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য আবেদন করেন।