বাউলসম্রাট শাহ আবদুল করিমের সমাধিস্থলে একটি সৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। ১২ লাখ টাকা ব্যয়ে কাজটি করা হবে। গতকাল শনিবার তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এ সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
লোকসংগীতের কিংবদন্তি শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলায় কালনী নদীর তীরে উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি একুশে পদক পান। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর গুণী এ শিল্পী মারা যান। উজানধল গ্রামে তাঁর বাড়ির উঠোনে স্ত্রী সরলা বিবির কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এনামুল কবির ইমন জানান, বাউল করিমের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমেই তাঁকে স্মরণ করতে হবে। সেই চিন্তা থেকেই তাঁর সমাধিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সকালে বাউল করিমের কবরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে উজানধল গ্রামে শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নূর জালালের সভাপতিত্বে স্মরণসভা হয়।