সমান ভোট পাওয়ায় লটারিতে নির্ধারণ
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে। এ ওয়ার্ডের নির্বাচনে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। লটারিতে বিজয়ী প্রার্থী হলেন আবু মুসা আল কুতুব।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১০ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বী আবু মুসা আল কুতুব (অটোরিকশা) ও শফিকুল ইসলাম (হাতি) উভয়ই ২০টি করে ভোট পান। পরে দুই প্রার্থীর লিখিত সম্মতিতে লটারির সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি পরিচালনা করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। এতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু মুসা আল কুতুব বিজয়ী হন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করেন ও তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।
লটারির সময় জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ও সদ্য বিজয়ী জেলা পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১০ নম্বর ওয়ার্ডের অপর প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম বসুনিয়া কোনো ভোট পাননি।