সমান সুযোগ দিতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন: জাবেদ
সবার জন্য সমান সুযোগ তৈরি করতে প্রয়োজনে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আচরণবিধি সংশোধন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, আচরণবিধি সংশোধনের জন্য যদি আরপিওতে সংশোধনীর দরকার হয়, কমিশন সেটা পর্যালোচনা করে দেখবে। আর যদি শুধু আচরণবিধি সংশোধন করে নির্বাচন করা যায়, তবে আরপিও সংশোধনের প্রয়োজন নেই। তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রার্থী হলে অন্যান্য দেশে সমমর্যাদার ব্যক্তিরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, এখানেও সেটা অনুসরণ করা হবে। যুক্তরাজ্য ও ভারতে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, এখানেও সেভাবে হবে। প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে যা যা করণীয়, কমিশন তা-ই করবে।
এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়। প্রধানমন্ত্রী বা অন্য কেউ যদি আগেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন, সেখানে কমিশনের কিছু করার নেই। তবে কেউ যদি মনে করেন, এতে আইন লঙ্ঘিত হচ্ছে, তবে তিনি আদালতে যেতে পারেন।
সরকারি বা বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা করবেন কি না, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আইন দ্বারা নিয়ন্ত্রিত। তাই প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ বা সহযোগিতা নেব। ডানে-বামে কারও সঙ্গে কথা বলব না। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’