
‘সিটি করপোরেশন নির্বাচনে সবার সমান সুযোগ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন এখনো কোনো কার্যকর ভূমিকা রাখছে না। পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যেসব আচরণ করছেন এবং বক্তব্য দিচ্ছেন, তা নির্বাচনের ওপরে নেতিবাচক প্রভাব ফেলছে।’
গতকাল শনিবার রাজধানীর কড়াইল বস্তি এলাকায় নির্বাচনী প্রচার শেষে প্রথম আলোর কাছে এ অভিযোগ করলেন বিএনপি-সমর্থিত সিটি উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কড়াইল বস্তি এলাকায় নির্বাচনী প্রচার চালান তিনি। এরপর বনানী ও গুলশান এলাকার বিভিন্ন সড়ক ও বিপণিবিতানে গিয়ে ভোট চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর এই বড় ছেলে।
কড়াইল বস্তিতে নির্বাচনী প্রচার শেষে দেওয়া বক্তৃতায় ‘বাস’ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করলে আমি জয়ী হব।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়াসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। কড়াইল বস্তিতে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর মেয়ে এবং আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাফসির আউয়ালের স্ত্রী মায়া আউয়াল।
নির্বাচনী প্রচারে নামার দুই ঘণ্টা পর তাবিথ আউয়ালের লিফলেট পৌঁছায়। ‘আমরা গড়ব আদর্শ ঢাকা, আন্তর্জাতিক মানের নগরী হবে ঢাকা’—এই স্লোগানকে উপজীব্য করে তাবিথের লিফলেট কড়াইল বস্তিতে বিলি করেন মূলত তাবিথ আউয়ালের ব্যক্তিগত সহকর্মী ও বন্ধুরা। বনানী ও গুলশান এলাকায় প্রচারের সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের খুব একটা দেখা যায়নি।
কড়াইল বিএনপির নেতারা এ ব্যাপারে বলেন, দুই-তিন মাস ধরে মামলা ও গ্রেপ্তারের ভয়ে দলের নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছেন না। বেশির ভাগ নেতার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। ফলে বস্তিতে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনগুলোর কার্যালয়ও খোলা হচ্ছে না।
তাবিথ আউয়ালের প্রচারকাজ চালানোর সময় কথা হয় ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলমের সঙ্গে। তিনি জানান, তাঁর বিরুদ্ধে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় মোট পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘ দুই মাস পর এই প্রচারের কাজে এলাকায় এলেন।
দুই মামলার আসামি ও ১৯ নম্বর বিএনপির সদস্য গোলাম শাহেদ জানালেন, এত দিন বিএনপির ৭০ ভাগ কর্মী বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সিটি করপোরেশনের ভোট উপলক্ষে এই প্রথম তাঁরা এলাকায় প্রকাশ্যে এলেন।
তাবিথ আউয়ালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সিটি করপোরেশন উত্তর এলাকার বিভিন্ন আসনের বিএনপির বেশির ভাগ সাবেক সাংসদ ও নেতাও এলাকায় নেই। মেজর (অব.) কামরুল ইসলাম দেশে নেই, মোসাদ্দেক আলী ফালু জেলে, মিরপুরের আবদুল খালেক ও বাড্ডার আবদুল কাইয়ুম আত্মগোপনে। তাই দলের বেশির ভাগ নেতা-কর্মী প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। আমি একই সঙ্গে ভোটের প্রচারণা ও দলকে উজ্জীবিত করা—দুই কাজই করছি।’