সমাপনী পরীক্ষা দিতে চায় বাবা হারানো সুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের সঙ্গে সুখী l প্রথম আলো
শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের সঙ্গে সুখী l প্রথম আলো

বাবাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলার পর দুর্বৃত্তদের হুমকিতে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় পঞ্চম শ্রেণির ছাত্রী সুখীর। এ কারণে মূল্যায়ন পরীক্ষা দিতে পারেনি সে। এখন সে শঙ্কায় আছে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে। ২০ নভেম্বর এ পরীক্ষা শুরু হবে।
শুধু তা-ই নয়, দুর্বৃত্তদের হুমকির কারণে বুদ্ধিপ্রতিবন্ধী ছোট দুই ভাই সজীব (১০) ও ফাহিমকে (৫) নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সুখীকে। সুখীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের মধ্য তিতকাটা গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দা, স্কুলের শিক্ষক ও সহপাঠীরা সুখী যাতে সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
সুখীর ফুপু তাসলিমা বেগম জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুখী তৃতীয়। বড় দুই বোনের বিয়ে হয়েছে। মা ফাহিমা আক্তার এক বছর আগে গৃহপরিচারিকার কাজ করতে দুবাই যান। তিনি (তাসলিমা বেগম) ভাইয়ের বাড়িতে থেকে সুখী ও তার ভাইদের দেখাশোনা করেন।
গত ২২ অক্টোবর রাতে এলাকার একটি মাছের ঘেরের পাশ থেকে সুখীর বাবা শাহ জামাল গাজীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রাতে একই এলাকার আনোয়ার খন্দকার নামের এক ব্যক্তি মুঠোফোনে ডেকে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শাহ জামাল গাজীর বোন তাসলিমা বেগম ২৩ অক্টোবর সদর থানায় মামলা করেন। এতে আনোয়ার খন্দকারকে আসামি করা হয়। তিনি পলাতক।
সুখী জানায়, স্কুলে মূল্যায়ন পরীক্ষার সময় বাবাকে হত্যা করা হয়। দুদিন পর পরীক্ষা দিতে যাওয়ার পথে আসামির স্বজনেরা তার পথরোধ করে নানাভাবে হুমকি দেয়। ভয়ে বাড়ি চলে আসে সে। বিষয়টি সে স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশকে জানিয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আসামি ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।
সুখীর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের মধ্য তিতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। তার রোল নম্বর ৬। সহপাঠী লাকি আক্তার ও সুমি আক্তার বলে, ‘সুখী খুব ভালো বন্ধু। ওর বাবাকে মেরে ফেলার পর আর স্কুলে আসছে না। সামনে সমাপনী পরীক্ষা। আমরা চাই সুখী আমাদের সাথে পরীক্ষা দিক।’
প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, সুখী মেধাবী ছাত্রী। হুমকির কারণে সব বিষয়ে মূল্যায়ন পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। স্কুলের বাইরে পথঘাটে নিরাপত্তা ও সুখী যাতে সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারে, সে ব্যাপারে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সুখী বলে, ‘আমি লেখাপড়া করে ভাইদের পাশে থাকতে চাই। আমি স্কুলে যেতে চাই, পরীক্ষায় অংশ নিতে চাই।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘সুখীকে হুমকি দেওয়ার বিষয়টি শুনেছি। এর তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মো. বকতিয়ার উদ্দিন গতকাল বলেন, ‘বিষয়টি জানা ছিল না। আগামীকাল সোমবার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের মাসিক সভায় বিষয়টি তোলা হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’