সমাপনী পরীক্ষা বাতিলের দাবি
চলতি বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। এই দাবিতে আজ বুধবার সংগঠনটি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে গঠিত সংগঠনটি গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের দাবি ও কর্মসূচি ঘোষণা করে।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২৪ মার্চ পর্যন্ত স্কুলে স্কুলে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, ২৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ২ এপ্রিল মতবিনিময় সভার আয়োজন। সংবাদ সম্মেলন থেকে কোচিং-বাণিজ্য নিষিদ্ধ করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি জিয়াউল কবির। সংবাদ সম্মেলনে বলা হয়, এ পরীক্ষা শিক্ষার্থীদের আদৌ কল্যাণ বয়ে আনছে না। বরং এ পরীক্ষার চাপে কোমলমতি শিশুরা যেন বনসাই হয়ে বেড়ে উঠছে। পরীক্ষার নামে শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এই পরীক্ষা শিশুদের দিচ্ছে অপ্রয়োজনীয় একটি সনদ। এ ছাড়া এ পরীক্ষার সুযোগে ‘কোচিংবাজ’ শিক্ষকেরাও বেপরোয়া হয়ে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চালু হয়েছে বাধ্যতামূলক কোচিং। সংগঠনটি মনে করে, এ পরীক্ষাটি মূল্যহীন। এ জন্য তারা চলতি বছর থেকে এ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।