
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখে এবারও দেশসেরা হয়েছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। এবার এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৩২ জন শিক্ষার্থী। স্কুলে পাসের হার শতভাগ। সমাপনী পরীক্ষায় গত বছরও স্কুলটি দেশসেরা ছিল।
সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে করা দেশসেরা ২০টি বিদ্যালয়ের তালিকার ১৭টিই ঢাকা বোর্ডের। দুটি চট্টগ্রাম বোর্ডের এবং একটি যশোর বোর্ডের অধীন বিদ্যালয়। এর মধ্যে ১৬টি বিদ্যালয়ের রয়েছে শতভাগ পাসের সাফল্য। গতকাল মঙ্গলবার এই ফল প্রকাশিত হয়।
ফল প্রকাশের পর মনিপুর স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ-উচ্ছ্বাস। মা ও ভাইকে নিয়ে ফল দেখতে এসেছিল সুমাইয়া বিনতে অধরা। জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত অধরা ভবিষ্যতে হতে চায় ফ্যাশন ডিজাইনার, আর মায়ের ইচ্ছা মেয়ে হবে চিকিৎসক। এ নিয়ে মা-মেয়ের মধ্যে মিষ্টি তর্কযুদ্ধও হয়।
ভিড়ের কারণে ফল দেখতে না পারায় বিরক্তি ছিল ফাহমিদা সাত্তারের চোখেমুখে। ফল দেখে উচ্ছ্বাস করতে করতে ভিড় ঠেলে বেরিয়ে এসে নিশাত তাসনিম, আয়েশা হাবিব, লাবিবা নুজহাত, চৌধুরী সুমাইয়া ও শাহরিন ইসলাম সমস্বরে বলল, জিপিএ-৫ পেয়ে ভালো লাগছে। বৃত্তি পেলে আরও ভালো লাগবে।
জুওয়াইবা আফরিনের খুশি একটু বেশিই। জিপিএ-৫ পাওয়ার জন্য দিনরাত পড়তে হয়েছে তাকে। সে কথা জানিয়ে তার মা জোহরা পারভিন বলেন, ‘ভালো ফলের জন্য সারা দিন পড়িয়েছি।’
মনিপুর স্কুলসহ দেশসেরার তালিকায় থাকা প্রথম ছয়টি স্কুলই গতবারের স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুলে শতভাগ পাস। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০৪ জন। শতভাগ পাস করেছে তৃতীয় হওয়া মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলেও। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭ জন।
৯৯ দশমিক ৯ শতাংশ পাস করেছে চতুর্থ হওয়া মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। জিপিএ-৫ পেয়েছে ৯০৫ জন। পঞ্চম ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯৩৫ জন পেয়েছে জিপিএ-৫। পাসের হার শতভাগ। ষষ্ঠ ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজেও শতভাগ পাস। জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ শিক্ষার্থী।
গত বছর নবম হওয়া মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল দুই ধাপ এগিয়ে এবার হয়েছে সপ্তম। শতভাগ পাস করা এই স্কুলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৬৩১ জন। অষ্টম কুমিল্লার মডার্ন স্কুলেও শতভাগ পাস। জিপিএ-৫ পেয়েছে ৪৭৭ জন। গত বছর সপ্তম হয়েছিল এই স্কুল।
যাত্রাবাড়ীর এ কে স্কুল অ্যান্ড কলেজে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৪২৬ জন শিক্ষার্থী। এবার নবম হওয়া স্কুলটি গতবার সেরা দশেই ছিল না। এবার দশম হওয়া গুলশানের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গত বছর ছিল অষ্টম। স্কুলটিতে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৫০৬ শিক্ষার্থী।
একাদশ থেকে ২০তম স্থান অর্জন করা স্কুলগুলো হলো চট্টগ্রাম বন্দরের বিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, রমনার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখা, মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ।