সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু হয়েছে গতকাল রোববার। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ৩১ লাখ হলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল এক লাখ ৪৩ হাজার ৪৪০ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রককক্ষের হিসাব অনুযায়ী অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে এক লাখ দুই হাজার ৭৪২ জন। যা মোট পরীক্ষার্থীর তিন দশমিক ৬৮ শতাংশ। আর মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৪০ হাজার ৬৯৮ জন। যা মোট পরীক্ষার্থীর ১৩ দশমিক ৩০ শতাংশ।
এদিকে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রীর বাবা বলেন, সিদ্ধেশ্বরী এলাকার একটি কোচিং সেন্টারে পরীক্ষার দিন সকালেও পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বলে কিছু প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়া হয়। পরে দেখা যায়, সেগুলো পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে মিলেছে।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, তাঁরা কোনো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাননি। বরং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হওয়ার খবর পেয়েছেন। তবে কয়েক বছরের পরীক্ষার প্রশ্নপত্র দেখে সাজেশন করলে কিছু মিল পড়তেও পারে। শতভাগ না মিললে সেটাকে কোনোভাবে প্রশ্ন ফাঁস বলা যাবে না।