সমাপ্তির চাকরিটাও গেল
‘প্রতিষ্ঠানে আপনাকে আর প্রয়োজন নেই, বিধায় আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।’ গত সোমবার কাজের জন্য গেলে সমাপ্তি রায়ের হাতে এ চিঠি ধরিয়ে দেয় তাঁর নিয়োগকর্তা প্রতিষ্ঠান। এরপর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী সমাপ্তি রায়ের জীবনে নেমে এসেছে আরও গাঢ় অন্ধকার।
প্রতিবন্ধী শিশুদের নিয়ে কর্মরত সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিজঅ্যাবল্ড (সীড) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক ও বৃত্তিমূলক প্রশিক্ষক হিসেবে গত বছরের নভেম্বর থেকে কর্মরত ছিলেন সমাপ্তি রায়। চুক্তিভিত্তিক নিয়োগ। মেয়াদ ছিল এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।
রাজধানীর মোহাম্মদপুরের এই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার শর্ত ছিল, সমাপ্তিকে অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কাজ করতে হবে। চুক্তিকালীন কোনো রকম কারণ দর্শানো ছাড়াই যেকোনো মুহূর্তে এ চুক্তি বাতিল হতে পারবে।
সমাপ্তির প্রশ্ন: এখন আমার চলবে কী করে?
গত মঙ্গলবার সমাপ্তি প্রথম আলোকে বলেন, ‘মিরপুরে দুই রুমের বাসার এক রুমে আমরা মা ও মেয়ে ঘুমাই। আরেক রুমে এলাকার বাচ্চাদের গান শেখাতাম। চাকরি করতে গিয়ে শিক্ষার্থীদের সময় দিতে পারিনি, এখন মাত্র তিনজন আছে। হুট করে চাইলেই তো আর অনেক শিক্ষার্থী আমি পাব না। নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলাম, এখন সেটা চলে গেলে পথে বসব।’
সীডের নির্বাহী পরিচালক দিলারা সাত্তার প্রথম আলোকে বলেন,‘সম্পূর্ণ মানবিক কারণেই সমাপ্তিকে চাকরি দেওয়া হয়েছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় অনেককেই ছাঁটাই করতে হয়েছে। এখন সহানুভূতি জানানো ছাড়া আমার পক্ষে আর কিছু করার নেই।’
সমাপ্তি রায়ের বাড়ি ফরিদপুরে। তিন বছর বয়সে টাইফয়েড হয়ে দুই চোখ নষ্ট হয়ে যায়। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। সামনে বিএ পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল। তাঁরা তিন ভাই, তিন বোন। বাবা কবিরাজি করতেন। ভারতে অভিবাসী হয়েছেন। এত দিন মেয়ে চাকরি করতেন, মা সারা দিন বসে থাকতেন মেয়ের সঙ্গে। কাজ শেষে মা ও মেয়ে ঘরে ফিরতেন। এই করেই চলছিল সংসার।
ছোটবেলা থেকেই সমাপ্তি গান শেখেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিনবার প্রথম স্থান অধিকার করে ‘অনন্যমান’ শিল্পী হিসেবে সম্মান পান। একটি বেসরকারি টেলিভিশনের ‘ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৫’ প্রতিযোগিতায় সারা দেশের ৪০ হাজার প্রতিযোগীর মধ্যে ১৬তম স্থানে এসে বাদ পড়েন। সেখান থেকে পান এক লাখ টাকা। কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ শিশু একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত ৫৬ বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। লালন, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক—সব ধরনের গান গাইতে পারেন। তানপুরা, হারমোনিয়াম বাজাতে পারেন। নিজের গান নিজেই সুর করেন।