ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি) চট্টগ্রাম ক্যাম্পাস থেকে উত্তীর্ণ ২০০৬ ও ২০০৭ শিক্ষাবর্ষের ৪২৩ জন স্নাতকধারীকে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সনদ দেওয়া হয়নি। তাঁদের আগামী ডিসেম্বরে চট্টগ্রাম থেকে পৃথকভাবে সনদ দেওয়ার কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইইউবির ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়।এ ব্যাপারে জানতে চাইলে আইইউবি চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এস এম আল হোসাইনী প্রথম আলোকে বলেন, ‘সরকারি আদেশে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তা ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর আসন-সমস্যার কারণেও এটা সম্ভব ছিল না। আগামী ডিসেম্বর মাসে আমরা চট্টগ্রামে তাঁদের আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেব।’ সরকারি আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি এর কোনো ব্যাখ্যা দেননি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর আইইউবি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নগরের জামাল খান ক্যাম্পাসের সম্মেলনকক্ষে অভিভাবকদের নিয়ে সভা আহ্বান করেন। অভিযোগ রয়েছে, ওই সভায় সব অভিভাবককে ডাকা হয়নি। রোকসানা পারভীন নামে একজন অভিভাবক বলেন, ‘ডিসেম্বরে আমাদের ছেলেমেয়েদের চট্টগ্রামে ক্যাম্পাস থেকে সনদ দেওয়ার কথা বলা হয়। ঢাকায় তাদের সবার জায়গা হবে না বলা হয়েছে। আমরা বলেছি, ওরা দরকার পড়লে দাঁড়িয়ে থাকবে। তবু সমাবর্তন অনুষ্ঠান থেকে সনদ নেওয়ার আলাদা একটা মর্যাদা আছে। ডিসেম্বরেও আদৌ কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে সনদ দেওয়া হবে কি না, সে নিয়েও আমাদের সংশয় রয়েছে।’সভার কার্যবিবরণীতে বলা হয়, ‘আমাদের নিয়ন্ত্রণবহির্ভূত পরিস্থিতির কারণে আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাসের স্নাতকদের আগামী ২০ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। তাই আমরা এ বছরের ডিসেম্বরের মধ্যে এসব স্নাতকের জন্য একটি সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’আইইউবি চট্টগ্রামের ইটিইর স্নাতকধারী রায়হান উদ্দিন বলেন, ‘আমাদের আইইউবি (ঢাকা) থেকেই সাময়িক সনদ দেওয়া হয়েছে। কাজেই আমাদের সমাবর্তন নিয়ে সংশয় থাকার কথা নয়। আমরা সমাবর্তনের ফিও দিয়েছি সময়মতো। গত বছর ঢাকায় গিয়ে আইইউবির ১৪তম সমাবর্তন তালিকার মধ্যেও আমার নাম দেখেছি। কিন্তু এখন আমাদের চট্টগ্রাম থেকে সনদ নিতে বলা হচ্ছে।’অপর স্নাতকধারী রাজভীন রশীদ বলেন, ‘আমরা সম্মানজনকভাবে আইইউবি থেকে শিক্ষাজীবন পার করার পরও কেন ঢাকা ও চট্টগ্রাম বলে আমাদের মধ্যে বিভেদ টানা হলো, এটা বোধগম্য নয়। খুব কষ্ট লাগছে। সেই সঙ্গে সমাবর্তনে অংশ নিতে না পারায় অপমানবোধ করছি।’উল্লেখ্য, ২০১০ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে মূল ক্যাম্পাসের বাইরে শাখা (আউটার) ক্যাম্পাস নিষিদ্ধ ঘোষণা করে। এ অবস্থায় ওই বছর আইইউবি চট্টগ্রাম আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হতে মঞ্জুরি কমিশনে আবেদন করে। কিন্তু তাদের সেই আবেদন এখনো অনুমোদিত হয়নি বলে জানা গেছে।