সমাবর্তন বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের গ্রুপ সাদা দলের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপ সোনালী দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের (সোনালী দল) আহ্বায়ক নজরুল ইসলাম মিঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অত্যন্ত গৌরবোজ্জ্বল ও ঐতিহ্যবাহী বিষয়। এমন একটি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমনটাই কাম্য। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সমাবর্তন অনুষ্ঠিত হলে তা কোনোভাবেই যৌক্তিক হবে না বলে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশের এই চরম সংকটকালীন সময়ের কথা বিবেচনা করে আসন্ন সমাবর্তন পিছিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে তা আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের কাছে আবেদন জানানো হয়। ১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।