সমাবর্তন বর্জনের ঘোষণা সাদা দলের শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক দলের (সাদা দল) ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় সমাবর্তন বর্জন করবেন সাদা দলের চার শতাধিক শিক্ষক। তবে দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সাপে‌ক্ষে তারিখ পুনর্নির্ধারণ করে সমাবর্তন আয়োজন করা হলে সেখানে তাঁরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদা দলের আহ্বায়ক শামসুল আলম সরকার বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিরোধী জোটের আহ্বানে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। দেশের সব ধরনের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের পক্ষে দেশের দূর-দূরান্ত থেকে এসে সমাবর্তনে অংশগ্রহণ করা সম্ভব নয়।

লিখিত বক্তব্যে বলা হয়, সমাবর্তনের মতো একটি মহতী অনুষ্ঠান সর্বজনীন করার জন্য সাদা দলের পক্ষÿথেকে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে অনুষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করার জন্য গত মঙ্গলবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি পূর্বঘোষিত সময় অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনড় আছেন। এমতাবস্থায় দেশের সার্বিক অবস্থা এবং গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের অনিশ্চয়তার কথা বিবেচনা করে সাদা দলের শিক্ষকেরা সমাবর্তন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মু. আজহার আলী, রফিকুল ইসলাম, আবুল হাশেম, আমজাদ হোসেন, এনামুল হক প্রমুখ।

১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন প্রায় পাঁচ হাজার গ্র্যাজুয়েট।