রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক যুগ ধরে সমাবর্তন হয়নি। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীসহ পাস করা শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে মাত্র সাতবার। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ২৯ নভেম্বর। সমাবর্তনে বিভিন্ন বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাকে মূল সনদ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ক্যাম্পাসে তাঁদের মধ্যে আনন্দ-উৎ সব ছড়িয়ে পড়ে। রচিত হয় নতুন এক আনন্দময় স্মৃতি।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিবছর সমাবর্তন হলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে নির্দিষ্ট সময়ে সকল ক্লাস ও পরীক্ষা শেষ করতে হয়। কিন্তু সমাবর্তন না হওয়ায় বিভাগগুলো যথাসময়ে শিক্ষাবর্ষ অনুযায়ী একাডেমিক কার্যক্রম শেষ করে না। এভাবেই বিভিন্ন বিভাগে সেশনজট বৃদ্ধি পায়। নাট্যকার এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক বলেন, সমাবর্তন হলো বিদ্যায়নিক সংস্কৃতির অনিবার্য অংশ। প্রতিবছর এটা করা না হলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা থাকে না। সমাবর্তনের মাধ্যমে সনদপত্র নিতে না পারলে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন পরিপূর্ণরূপে শেষ হয় না। তিনি আরও বলেন, নোংরা রাজনীতির ধাক্কা লেগেছে বিশ্ববিদ্যালয়েও। দীর্ঘ এক যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন না হওয়ার ঘটনাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। উপাচার্য এম আবদুস সোবহান বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন আয়োজন করার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। সমাবর্তন আয়োজনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন।