সমাবর্তনে নিবন্ধন ফি কমাতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে ২ হাজার ২০০ টাকা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া সমাবর্তনে ‘মানসম্মত’ বক্তা নিশ্চিত করা এবং নিবন্ধনের সময় বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর ক্যাটাগরিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই একটি ক্যাটাগরিতে ৩ হাজার ৫৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্যাটাগরিতে নিবন্ধন ফি দুই হাজার টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ক্যাটাগরিতে দেড় হাজার, স্নাতকোত্তর ক্যাটাগরিতে দেড় হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্যাটাগরিতে দুই হাজার টাকা নির্ধারিত ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফি নিঃসন্দেহে অতিরিক্ত ও বাস্তবতাবিবর্জিত।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, অন্য বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের জন্য শিক্ষার্থীদের দেওয়া গাউন সমাবর্তন শেষে ফেরত নেওয়া হয়। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন শেষে গাউন ফেরত নেওয়া হয় না। ফলে খরচ বেশি হয়।