সমাবর্তনের এক বছর পরও মূল সনদ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পর এক বছর পরও মূল সনদ পাননি শিক্ষার্থীরা। সনদ না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন চাকরির মৌখিক পরীক্ষায় দুর্ভোগ পোহাচ্ছেন কেউ কেউ।
শিক্ষার্থী ও প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটিই ছিল প্রথম সমাবর্তন। এ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকে ২ হাজার ১১০ জন, স্নাতকোত্তর ৫১২ জন ও পিএইচডিতে তিনজন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। কিন্তু সে সময় সনদে সব তথ্য নেই বলে অভিযোগ করে আন্দোলন শুরু করেন গ্র্যাজুয়েটরা। গ্র্যাজুয়েটদের অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা সব মূল সনদ ফেরত নেয় কর্তৃপক্ষ। আগের সনদ বদলে পুনরায় সনদ তৈরির জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয় তখন। সাময়িকভাবে গ্র্যাজুয়েটদের কাজ চালানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে অস্থায়ী সনদ সরবরাহ করা হয়। এরপর প্রায় এক বছর চলে যায়। প্রশাসন সূত্রে জানা যায়, উপাচার্য পরিবর্তন, বিবিএ শিক্ষার্থীদের আন্দোলনসহ নানাবিধ কারণে পিছিয়ে পড়েছে নতুন সনদ তৈরির কাজ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘নতুন তথ্য যোগ করে পুনরায় সনদ দেওয়ার জন্য কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি কাজ করছে।’
এদিকে সমাবর্তনের এত দিন পরও মূল সনদ না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে বর্তমান শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মাঝে। চাকরির মৌখিক পরীক্ষায় বিব্রতকর অবস্থায় পড়ছেন বলে অভিযোগ করেন কেউ কেউ।