সমাবর্তনের নিবন্ধন ফি নিয়ে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অংশগ্রহণকারীদের নিবন্ধন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নিয়ে আপত্তি তুলেছেন শিক্ষার্থীরা। মানবিক দিক বিবেচনা করে ফি কমানোর দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ২০১১-১৪ সময়কালে পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। ৩ নভেম্বর থেকে নিবন্ধন শুরু। দশম সমাবর্তন আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়ার কথা বলা হলেও গতকাল শুক্রবার বিকেল চারটা পর্যন্ত সেখানে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বছর নিবন্ধন ফি ৩ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, ‘সমাবর্তন একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। সবাই চায় সমাবর্তনের মাধ্যমে শিক্ষাজীবন সমাপ্তির সনদ গ্রহণ করতে। কিন্তু এই ফির কারণে অনেকেই এবারের সমাবর্তনে অংশ নিতে পারবে না। কারণ, আমি ২০১৪ সালে মাস্টার্স শেষ করেছি; আমি জানি, আমার অনেক বন্ধু এই টাকা দিয়ে সমাবর্তনে অংশ নিতে পারবে না।’
মার্কেটিং বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাওন কাইয়ুম বলেন, ‘ক্যাম্পাস জীবনে দেখেছি, একটু চাঁদা বেশি হলে অনেক বন্ধুই পিকনিকে যেতে পারত না। নানা অজুহাত দিয়ে কাটিয়ে দিত। এই সমাবর্তনেও তেমনটাই হবে। আমার বেকার বন্ধুরা এত টাকা দিয়ে সমাবর্তনে আসতে পারবে না, লজ্জায় হয়তো টাকার সমস্যার কথা বলতেও পারবে না।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বলেন, গত বছরও একই পরিমাণ ফি ছিল। সবকিছুর দাম বাড়লেও ফি বাড়ানো হয়নি। এটা কমানোর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘আমরা কাউকে জোর করছি না। কেউ না পারলে আসবে না।’