সমাবেশ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্থানীয় জাতের পরিবর্তে উফশী ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশে ব্রি উদ্ভাবিত আটটি জাতের ধান চাষ করে কীভাবে তিন গুণ বেশি ফলন পাওয়া সম্ভব, সেটা দেখানো হয়। ব্রি সোনাগাজী আঞ্চলিক গবেষণা মাঠে গতকাল শনিবার আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান কৃষ্ণপদ হালদার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান যতীশ চন্দ্র বিশ্বাস। সমাবেশে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন ও আশপাশের প্রায় ১৫০ জন কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ফেনী অফিস