সমাবেশ করতে পুলিশ অনুমতির কথা জানে না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সমাবেশ করতে পুলিশের অনুমতি প্রয়োজন হয় কি না, সে বিষয়ে জানে না জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দাবি করেছেন, সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না।গতকাল শুক্রবার বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ এ কথা বলেন। আগের দিন বৃহস্পতিবার মুক্তাঙ্গনে পুলিশের অনুমতি ছাড়া জামায়াত সমাবেশ করতে গেলে সেটি পণ্ড করে দেয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে জামায়াত গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচিও ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।রাজধানীতে সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি প্রয়োজন—পুলিশের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের বক্তব্য জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘সভা-সমাবেশের ক্ষেত্রে পুলিশের অনুমতি প্রয়োজন জরুরি অবস্থায়। এমন ক্ষেত্রে গেজেট আকারে তা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়। এখন যদি সভা-সমাবেশের ক্ষেত্রে অনুমতি নিতে হয়, তাহলে পুলিশ সেটা জানাক।’ জামায়াতের সাংসদ হামিদুর রহমান দাবি করেন, রাজধানীতে সমাবেশের ক্ষেত্রে পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তিনি বলেন, ‘সমাবেশে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে আমি পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ করেছিলাম। তিনি এ বিষয়ে কোনো আইন দেখাতে পারেননি। উল্টো তিনি আমার কাছে আইনটি দেখতে চেয়েছেন।’সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা অভিযোগ করেন, সরকার তাঁদের সমাবেশে বাধা দিয়ে অন্যায় ও অসাংবিধানিক কাজ করেছে। শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে সরকার জামায়াতের সাংবিধানিক ক্ষমতা খর্ব করেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সমাবেশ পণ্ড করার ঘটনায় পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, ডিএমপি আইন ১৯৭৬ অনুযায়ী সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমোদন নিতে হয়।