সমাবেশ করে কাজ চাইলেন উপজেলা চেয়ারম্যানরা
কাজের দাবিতে রংপুর বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা গতকাল মঙ্গলবার সমাবেশ করেছেন। টাউন হল মাঠের ওই সমাবেশে বিভাগের আট জেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-আহ্বায়ক মজিবর রহমান, সদস্যসচিব মোহাম্মদ হোসেন ও যুগ্ম সদস্যসচিব ফাতেমা মুনির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, নাসিমা জামান, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোনসেফা পারভীন, নওগাঁর সাজ্জাদ হোসেন, ঠাকুরগাঁওয়ের নম্র চৌধুরী প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বলেন, সরকার উপজেলা পরিষদের নির্বাচন করলেও চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের তেমন কোনো কাজ নেই। যদি কোনো কাজেই না আসে তাহলে কেনই বা নির্বাচন করা হলো। তাঁরা অবিলম্বে তাঁদের নির্দিষ্ট কাজ দাবি করেছেন। তা না হলে উপজেলা প্রশাসনে সব ধরনের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা। দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত জেলা-উপজেলায় মানববন্ধন ও সমাবেশ এবং ৩০ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হবে।