সমাবেশ করে গণমাধ্যমকে সতর্ক করলেন সেই পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের কথিত সেই পীর লিয়াকত আলী খান গত শুক্রবার সমাবেশ করে নিজের অপচিকিৎসার পক্ষে সাফাই গেয়েছেন৷ এ সময় পীরের অনুসারীরা প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করে স্থানীয় সাংবাদিকদের হুঁশিয়ার করেন৷
লিয়াকতের অপচিকিৎসা নিয়ে ৬ জুন প্রথম আলোয় ‘বেত দিয়ে পিটিয়ে চিকিৎসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়৷
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সংবাদটি প্রকাশের পর অন্যান্য দিনের তুলনায় ওই দিন পীরের আস্তানায় লোক সমাগম আরও বাড়ে৷ তবে পীর লিয়াকত সেদিন কোনো চিকিৎসা না দিয়ে আস্তানায় সমাবেশ করেন৷ সেখানে তিনি সাংবাদিকদের কঠোর সমালোচনা করেন। এ ছাড়া সমাবেশে উপস্থিত কিছু লোক কথিত পীরের অপচিকিৎসাকে সমর্থন করে এ বিষয়ে সংবাদ প্রকাশ করাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল বলে দাবি করেন৷
ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী জানান, প্রথম আলোতে সংবাদটি প্রকাশের পর ওই অপচিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জন ও নান্দাইলের ইউএনওকে নির্দেশ দেওয়া হয়৷