সমাবেশ ডেকে দখলদার উচ্ছেদ করলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি বিপণিকেন্দ্র থেকে এক দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সমবেত হয়ে ইদ্রিস আলী নামের ওই ব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার অভিযোগ, সমিতির মালিকানাধীন দোকানটি গত ছয় মাস অবৈধভাবে দখলে রেখেছিলেন ইদ্রিস আলী। তিনি চার বছর আগে দোকানটি ভাড়া নেন। ছয় মাস আগে এ-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হলে সমিতি তাঁকে চুক্তি নবায়ন করতে বলে। কিন্তু চুক্তি নবায়ন না করেই জোর করে দোকান দখলে রেখে ব্যবসা অব্যাহত রাখেন ইদ্রিস আলী। এমনকি নির্ধারিত ভাড়া দেওয়া থেকেও বিরত থাকেন তিনি। স্থানীয় ব্যবসায়ী সমিতি দুই মাস আগে বিরোধটি মীমাংসা করে। কিন্তু ইদ্রিস আলী সেই সিদ্ধান্ত উপেক্ষা করেন।স্থানীয় সূত্র জানায়, উপজেলার তিন শতাধিক শিক্ষক উপজেলা সদরে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে গতকাল দুপুরে সমবেত হন। তাঁরা কার্যালয়-সংলগ্ন দোকান থেকে ইদ্রিস আলীকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। সমিতির উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির বলেন, শিক্ষকেরা নিজেদের সম্পত্তি বুঝে নিয়েছেন। ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, প্রাথমিক শিক্ষকদের পৃথক একটি সমিতির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করেছেন।