সমাবেশ ডেকে বিধি লঙ্ঘন, রাতে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের তোয়াক্কা করছেন না আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। নির্বাচনী আচরণবিধি অমান্য করে আজ বৃহস্পতিবার জনসভা ডেকেছিলেন গতকাল সকালে। নগরের রেজিস্ট্রারি মাঠে মঞ্চও তৈরি করেন। সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে দিনভর চলে মাইকিং।

অবশেষে রাত আটটার দিকে জনসভা বাদ দিয়ে নগরের বিভিন্ন স্থানে একাধিক পথসভা করার সিদ্ধান্ত নেন কামরান। এ বিষয়ে গতকাল রাত আটটার দিকে কামরানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘জনসভা করার সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। এখন নগরের জনসমাগম বেশি হয়—এমন সব স্থানে পথসভা করা হবে।’

এর আগে গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম ও মনির হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল রেজিস্ট্রারি মাঠে কামরানের পক্ষে করা মঞ্চ ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর মঞ্চ সরানো শুরু করেন শ্রমিকেরা। তবে মঞ্চ সরানো শুরু করলেও জনসভা করার সিদ্ধান্ত থেকে তখনো সরে আসেননি মেয়র পদপ্রার্থী কামরান। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমিই মঞ্চ সরিয়ে ফেলার জন্য বলেছি। তবে জনসভার জন্য রেজিস্ট্রারির মাঠ আমার নির্ধারিতই আছে। বিএনপি-সমর্থিত প্রার্থী যদি সমাবেশ না করে, তাহলে পরে বিবেচনা করে দেখব।’

নির্বাচনী আচরণবিধির ৬-এর ১(ক) ধারায় বলা হয়েছে, ‘পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা ও শোভাযাত্রা করা যাবে না।’ বিধির ৬-এর ১(খ) ধারায় বলা হয়েছে, ‘দফা (ক)তে যাহা কিছুই থাকুক না কেন জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এইরূপ কোনো সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবেন না বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’

অন্যদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁরা নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করার আবেদন করেও অনুমোদন পাননি। এ জন্য তাঁরা কোনো মঞ্চও করেননি। কামরানকে মাইকিং ও জনসভা করার সুযোগ দেওয়া হলে সমান সুযোগ-সুবিধা (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকবে না।

কামরান দাবি করেন, তিনি যেখানে জনসভা করতে চেয়েছিলেন, সেটি কোনো সড়ক নয়। তাই সেখানে জনসভা হলে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। জনসভা করার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সংস্কৃতি যেভাবে চলে এসেছে, তা হঠাৎ বন্ধ হবে না। মাঠেও সমাবেশ করতে দেওয়া হবে না—এটা তো হয় না।’

গতকাল বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরের জিন্দাবাজার এলাকার শ্যামলী কমিউনিটি সেন্টারের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন করেন। সেখানে তিনি রেজিস্ট্রারি মাঠের জনসভা এবং এর আহ্বানে যে মাইকিং চলছে, তা বন্ধের আহ্বান জানান নির্বাচন কমিশনের কাছে।

এর আগে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী কামরান ও আরিফ দুজনকেই কোনো ধরনের সমাবেশ না করার জন্য গত মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবারও সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য আবার সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু কামরান সেটা না মেনে জনসভার আহ্বান জানিয়ে গতকাল বেলা তিনটার দিকে নগরের বাগবাড়ী এলাকায় রেজিস্ট্রারি মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় যোগদানের মাইকিং করতে শোনা গেছে।

নির্বাচনের এসব বিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কামরান এর আগেও নগরের বিভিন্ন ব্যস্ততম সড়কের একাংশ দখল করে মঞ্চ তৈরি করেন। কিছু কিছু সড়কের একাংশ দখল করে চেয়ার পেতে সভা করা হয়। গত কয়েক দিনে নগরের শাহী ঈদগাহ, শেখঘাট, শিবগঞ্জ, কাজীটোলা, কদমতলী, আম্বরখানা, কালীঘাটসহ বিভিন্ন স্থানে সড়কের একাংশ দখল করে পথসভা করতে দেখা গেছে।

বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফের পক্ষেও সড়কের একাংশ দখল করে নয়া সড়ক, মিরাবাজার, টুলটিকর, শিবগঞ্জ, বিলপাড়, লামাবাজার, শেখঘাট ও আম্বরখানা এলাকায় পথসভা করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় মিছিলও হচ্ছে। এসব পথসভা করার সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। অনেক ভোটার এমনও মন্তব্য করেছেন যে তাঁরা মেয়র হওয়ার আগেই জনদুর্ভোগ সৃষ্টি করছেন।