সমাবেশ নিষিদ্ধ করার দাবি হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ১২ মার্চের মহাসমাবেশ নিষিদ্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শুক্রবার সকালে জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় হানিফ এ আহ্বান জানান।মাহবুব উল আলম হানিফ বলেন, ১২ মার্চের মহাসমাবেশে বিএনপি জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মসূচি দিতে চায়। বিএনপির নেতা সাদেক হোসেন খোকা নিজেই ১২ মার্চে সাংসদ-মন্ত্রীদের রাস্তায় বের হতে নিষেধ করেছেন। তাঁর মতো একজন নেতা যখন এমন বক্তব্য দেন, তখন বুঝতে অসুবিধা হয় না, বিএনপি ওই দিন কী করতে চায়। আসলে মহাসমাবেশের নামে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরণ কামড় দিতে চায়।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ১২ মার্চের কর্মসূচি বাতিলের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে, ১২ মার্চের সমাবেশে সংঘাত সৃষ্টি হবে। এই কর্মসূচি বাতিলের বিষয়টি বিএনপির পুনর্বিবেচনা করা উচিত।’কামরুল ইসলাম বলেন, ওই মহাসমাবেশে বিএনপির সঙ্গে জামায়াত থাকবে। হরকাতুল জিহাদসহ বিভিন্ন জঙ্গি সংগঠন জামায়াতের তৈরি। এদের বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না ওই দিন। এ ছাড়া ১২ মার্চের কর্মসূচি সফল করার জন্য আয়োজিত প্রস্তুতি সভাতেও বিএনপি নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছে। তাই মনে করা হচ্ছে, ১২ মার্চের কর্মসূচিতে বিএনপি সংঘাতে জড়িয়ে পড়বে।জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলের উদ্দেশে বলেন, সমাবেশ করতে চাইলে করুন। কিন্তু ঢাকা অচল করতে চাইলে তা করতে দেওয়া হবে না। সন্ত্রাস সৃষ্টি করতে চাইলে ঠেকানো হবে। ঢাকায় ১৪ দলের ডাকা ১১ মার্চ মানববন্ধন ও ১৪ মার্চ মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী। আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, জাসদের শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম প্রমুখ।