সমাবেশ নিষেধ করা সংবিধানের লঙ্ঘন: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সভা-সমাবেশ নিষেধ করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। এর মাধ্যমে বিরোধী দলকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করে। এটা কি গণতন্ত্রের নমুনা?
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহর মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে মোশাররফ এসব কথা বলেন। বরকত উল্লাহ মুক্তি পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সভা-সমাবেশ নিষেধ করায় বিএনপি এখন হতাশ—আওয়ামী লীগের এমন মন্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল এ ধরনের সিদ্ধান্তে কখনোই হতাশ নয়। তারা বিরোধী দলকে ভয় পায় বলেই সভা-সমাবেশ নিষেধের সিদ্ধান্ত নিয়েছে।
দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় উল্লেখ করে মোশাররফ বলেন, নির্বাচন হলে নির্দলীয় সরকারের অধীনে হবে। সংসদ বহাল রেখে পৃথিবীর কোনো দেশেই নির্বাচন করার নজির নেই। সরকার বিরোধী দলকে নির্মূল করতে বিএনপির নেতাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

পুলিশকে হুমকি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ তুলে তাঁদের বিচার করবেন বলে হুমকি দিয়েছেন।

বিএনপিকে সংলাপের চিঠি পাঠাবে বলে কেন পাঠানো হয়নি—সরকারের কাছে তা জানতে চেয়ে গয়েশ্বর বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সংলাপের চিঠি বিএনপিকে পাঠাবেন বলেছিলেন, সেই চিঠি কোথায় গেল?’