সমাবেশ নিয়ে উত্তেজনা, নাসিরনগরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতিহত করতে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ছাত্রলীগের নেতা–কর্মীসহ গ্রামবাসী সরাইল-নাসিরনগর সড়কের কুন্ডা এলাকায় অবস্থান নিয়েছেন l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতিহত করতে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ছাত্রলীগের নেতা–কর্মীসহ গ্রামবাসী সরাইল-নাসিরনগর সড়কের কুন্ডা এলাকায় অবস্থান নিয়েছেন l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ নিয়ে জেলা এবং উপজেলা ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে সমাবেশে বাধা দেওয়ায় এবং ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ এবং নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংগঠনগুলোর স্থানীয় নেতা-কর্মীরা যেকোনো মূল্যে এই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন। উপজেলা প্রশাসন ও পুলিশের ভাষ্য, বিষয়টি নিয়ে সকাল থেকেই তারা সতর্ক অবস্থানে ছিল। বিশৃঙ্খলা এড়াতে গতকাল দুপুর থেকে উপজেলার সব জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে উপজেলা সচেতন ছাত্রসমাজের ব্যানারে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রলীগ এবং নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেওয়ার কথা ছিল।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি জলিল ভূঁইয়া এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ হোসেনের নেতৃত্বে কয়েক শ লোক জেলা ছাত্রলীগের নেতাদের প্রতিহত করতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কুন্ডা এলাকায় দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে অবস্থান করছেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই ধরনের সমাবেশকে আমরা সাধুবাদ জানাই। তবে এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে কিছু জানানো হয়নি। এ উপজেলায় সচেতন ছাত্রসমাজ নামে কোনো সংগঠন নেই।’
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, ‘সমাবেশের বিষয়ে জেলা ছাত্রলীগের কেউ আমাদের অবগত করেননি। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তাই আজ (গতকাল বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে কাল (আজ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত) উপজেলার সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
সমাবেশ সম্পর্কে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে না জানানোর কারণ জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই কর্মসূচি ছাত্রসমাবেশের ব্যানারে আয়োজন করা হয়েছে। এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি প্রধান অতিথি ছিলাম। আর উপজেলা প্রশাসনকে জানানোর আগেই দুপুর ১২টার মধ্যে ইউএনও ১৪৪ ধারা জারি করেছেন।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলা এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ সারা দেশের বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ করে আসছে। তারই ধারাবাহিকতায় নাসিরনগর উপজেলায় এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। কিন্তু হঠাৎ কোনো এক অলৌকিক কারণে উপজেলা প্রশাসন ছাত্রসমাবেশস্থলে অন্য কোনো সংগঠনের কর্মসূচি না থাকা সত্ত্বেও ১৪৪ ধারা জারি করে। ছাত্রলীগ উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তাঁদের সমাবেশে যেতে বাধা দিতে উপজেলার হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় সাধারণ ছাত্রসমাজের ব্যানারে এই সমাবেশ আয়োজন করা হয়। এ বিষয়ে জেলার সিনিয়র নেতাদের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।