সমাবেশ-মিছিল, টাউন সার্ভিস বাস চলাচল বন্ধ, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত বুধবার বিকেলে টাউন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস পোড়ানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরে বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে পরিবহনমালিক ও শ্রমিকেরা বাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।এদিকে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ফেনী থানা পুলিশ গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফেনী মডেল থানার উপপরিদর্শক ছালে আহমঞ্চদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। জানা যায়, সকাল ১০টায় ফেনী সদর হাসপাতাল মোড় টার্মিনাল থেকে মালিক-শ্রমিকদের একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে বক্তব্য দেন টাউন সার্ভিস বাস মালিক সমিতির সভাপতি গোলাম রসুল ভূঁঞা, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সূত্র জানায়, গত বুধবার ঢাকায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ফেনীতে যুবদলের কিছু সংখ্যক কর্মী শহরের শহীদ শহীদুল্লা সড়কে (এসএসকে রোড) ‘গ্রীণ টাউন সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় এবং চাড়িপুর বিসিক শিল্প নগর এলাকায় চার-পাঁচটি যানবাহনের কাচ ভাঙচুর করে। প্রতিবাদে গত বুধবার বিকেল থেকে শহরে টাউন সার্ভিসের বাস চলাচল বন্ধ হয়ে যায়।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল আফছার জানান, গত বুধবার বিকেলে যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনায় থানায় পুলিশের মামলা দায়ের ও রাতে নয়জনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।