সমাবেশ সফল করতে বিএনপির সঙ্গে হেফাজতের বৈঠক
কুষ্টিয়ায় ২৯ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশ সফল করতে সংগঠনটির নেতারা জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি সংগঠনটির নেতারা কুষ্টিয়া গণগ্রন্থাগারের মাঠে সমাবেশের অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা গত বুধবার দুপুরে শহরের এনএস রোডে বড় মসজিদ মার্কেটের দোতলায় সৈয়দ মাসউদ-রুমী ফাউন্ডেশন কার্যালয়ে এ বৈঠক করেন। এ সময় সেখানে হেফাজতে ইসলামের কুষ্টিয়ার সভাপতি মুফতি আবদুল হামিদ, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল মঈদ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, সমাবেশ সফল করতে জেলা বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই আহ্বান আওয়ামী লীগের নেতাদেরও করা হচ্ছে বলে জানান তিনি। কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, হেফাজতে ইসলামের সমাবেশের অনুমতি এখনো দেওয়া হয়নি।