সমাবেশ সফল হওয়ায় বিএনপির নেতাদের কৃতজ্ঞতা প্রকাশ
পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে ব্যাপক লোকসমাগমে আত্মবিশ্বাস বেড়েছে দলীয় নেতা-কর্মীদের। শান্তিপূর্ণ পরিবেশে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে তাঁরা। এতে জনসম্পৃক্ততা বাড়বে বলেও বিএনপির নেতারা মনে করছেন।এদিকে জনসমাবেশের পর খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন। গত সোমবার জনসভা শেষ করে তিনি সার্কিট হাউসে ফেরেন। সেখানে দলীয় নেতাদের সঙ্গে তিনি হাসিমুখে কথা বলেছেন বলে জানা গেছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত বড় মহাসমাবেশ হয়নি। এ ধরনের সমাবেশ কেউ আয়োজন করতে পারে না, যদি জনগণের সমর্থন ও সহযোগিতা না থাকে। সমাবেশের পর আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোবল অনেক বেড়ে গেছে। এতে স্থানীয় নেতা-কর্মীদের মনোবলও চাঙা হয়েছে।’এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ সমাবেশকে ‘জনতার মহাসমুদ্রে’ পরিণত করায় খালেদা জিয়ার পক্ষে চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা দেখিয়ে জনসভা সফল করায় নোমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, এ জনসভা সরকারবিরোধী চলমান গণ-আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খালেদা জিয়াকে অনুপ্রেরণা জোগাবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারও পলোগ্রাউন্ডের সমাবেশ সফল করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন।