সমাবেশে আ.লীগের প্রার্থীর জন্য নেতাদের ভোট প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে দলটির নেতারা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এভাবে ভোট প্রার্থনা করে তাঁরা পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গত সোমবার বিকেলে বাজারের বালুর মাঠ প্রাঙ্গণে ওই সভার অয়োজন করে।
হাজীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। সেখানে সভা-সমাবেশ করার কোনো প্রশ্নই ওঠে না। বিষয়টি কোনো প্রার্থী বা কেউ আমাকে জানাননি।’ এ ছাড়া পৌর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধিতেও নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ প্রচার চালাতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবদুল হাফিজ খান প্রমুখ।
মেয়র প্রার্থী মাহবুব-উল-আলম তাঁর বক্তব্যে বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর মেয়র পদে নির্বাচন হবে। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার প্রতীক নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। এ নৌকাকে বিজয়ী করার জন্য মুক্তিযোদ্ধাসহ আপামর জনসাধারণকে এক হয়ে কাজ করতে হবে।’ বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় জেলার ডেপুটি কমান্ডার আবদুল হাফিজ খান মাহবুব-উল-আলমের দুই হাত তুলে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনগণের মাঝে তাঁকে পরিচয় করিয়ে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার বলেন, ৩০ ডিসেম্বর নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীও নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তৃতা করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান মজুমদার বলেন, ‘দেশের মুক্তিযোদ্ধারা দুই ধারায় বিভক্ত। অনুষ্ঠানে নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তাঁরা তাঁদের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এটি অস্বাভাবিক ঘটনা নয়।’