সমাবেশে জামায়াত ও হেফাজত-সংশ্লিষ্ট দলগুলো ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে ১৮-দলীয় জোটের গণসমাবেশ ও শোভাযাত্রা পরিণত হলো বিএনপির কর্মসূচিতে। এতে জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত জোটের শরিক ধর্মভিত্তিক দলগুলো ছিল না। এসব দলকে সমাবেশে ডাকা হয়নি বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
১৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ১৮ দলের পক্ষে এই সমাবেশের ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে জোটের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ১৩ জানুয়ারি জোটের বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়।
তা ছাড়া ১৮ জানুয়ারি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ১৮-দলীয় জোট ২০ জানুয়ারি সোমবার দেশের সব মহানগর, জেলা-উপজেলা পর্যায়ে গণসমাবেশ ও শোভাযাত্রা এবং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। তিনি ওই কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আয়োজক পরিবর্তনের কারণে গতকালের সমাবেশে জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে সংশ্লিষ্ট জোটের শরিক ধর্মভিত্তিক তিনটি দলের নেতাদের উপস্থিতি ছিল না। তবে সমাবেশে ১৮-দলীয় জোটের অন্য কয়েকটি শরিক দল এলডিপি, বিজেপি, জাগপা, কল্যাণ পার্টির নেতারা বক্তব্য দিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, ১৮-দলীয় জোটের কর্মসূচি বিএনপির কর্মসূচিতে পরিণত হলেও বিষয়টি গণমাধ্যমের কাছে সেভাবে তুলে ধরা হয়নি। তবে ১৯ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে বিএনপির কর্মসূচি বলে উল্লেখ করেন। এ ছাড়া এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য প্রথম আলোকে বলেন, বিদেশিরা বিএনপিকে জামায়াত ও হেফাজতের সঙ্গ ছাড়তে আহ্বান জানিয়েছে। তা ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ১২টি শর্ত দিয়েছিল। শর্তে এ-ও বলা হয়, এই কর্মসূচি কেবল বিএনপিকে পালন করার অনুমতি দেওয়া হয়েছে। এটিও বিবেচনায় নেওয়া হয়ে থাকতে পারে।
দলীয় সূত্রগুলো জানায়, জামায়াতের সঙ্গ ছাড়ার ব্যাপারে বিএনপির ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একধরনের চাপ আছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনাও এক বক্তৃতায় জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের এক প্রস্তাবেও জামায়াত ও হেফাজতে ইসলামের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব বজায় রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।