আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিবি এ ব্যাপারে আদালতে প্রসিকিউশন দাখিল করেছে।এদিকে তথ্য প্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে গতকাল মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরও দুটি মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড বাকি রয়েছে। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আদালত ডিবিকে প্রসিকিউশন দাখিল করার নির্দেশ দিয়েছেন।কারাগারে মাহমুদুর রহমান: ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাহমুদুর রহমানকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া এবং চিকিৎসা বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আইনজীবীরা অভিযোগ করেন, মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁর মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে তিনি অনশন পালন করছেন।বিএনপিপন্থী আইনজীবীরা শুনানিকালে আদালতকে লক্ষ্য করে উচ্চ স্বরে আপত্তিকর কথা বলার একপর্যায়ে আদেশ দিয়ে এজলাস থেকে নেমে যান বিচারক। ১১ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর মাহমুদুর রহমান তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ দেননি। গতকাল আইনজীবীদের মামলা পরিচালনা করার অনুমতি দেন। তাঁর পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম প্রমুখ আইনজীবী।তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ: আমার দেশ পত্রিকা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তাঁরা এ অভিযোগ করেন।মাহমুদুর রহমানের মুক্তি ও ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই কর্মসূচি চলে। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।তথ্যমন্ত্রী মিথ্যাচার করছেন অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, ‘এক দিকে তিনি বলছেন আমার দেশ বন্ধ করা হয়নি, অন্যদিকে পত্রিকার ছাপাখানায় তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।’ অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, সাংবাদিক বাছির জামাল প্রমুখ।আগাম জামিন: রমনা থানার একটি মামলায় দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদ ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।