সমাবেশে না যাওয়ায় তাণ্ডব
সমাবেশে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন।কারখানার কয়েকজন শ্রমিক জানান, সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পাশে অবস্থিত রপ্তানিমুখী এন আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রহিমা আজিজ নিট স্পিন লিমিটেড কারখানার নিটিং সেকশনের ৪৫ জন শ্রমিক পঞ্চবটীতে একটি সোয়েটার কারখানায় সৃষ্ট ঘটনায় সমাবেশে যোগদানের কথা বলে গত মঙ্গলবার দুপুরের বিরতির পর কারখানা থেকে বের হয়ে আর কাজে যোগ দেননি। গতকাল সকাল আটটায় ওই ৪৫ জন শ্রমিক কারখানায় এসে অন্যান্য শ্রমিককে সমাবেশ না যাওয়ায় গালিগালাজ করেন। এ নিয়ে কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল শ্রমিকদের হামলায় কারখানার ১১ জন শ্রমিক আহত হন। শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান।