সমাবেশে নিষেধাজ্ঞা ঐকমত্যের প্রয়াসকে বিঘ্নিত করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর চলমান প্রয়াসকে বিঘ্নিত করবে না বলে আশা করছে যুক্তরাজ্য। সহিংসতার পথকে নিরুৎসাহিত করতে সব পক্ষই সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলেও আশা করছে দেশটি।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল রোববার এ আশাবাদ প্রকাশ করেছেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রবার্ট গিবসন আরও বলেন, ‘সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাজ্য অবগত আছে। আমরা আশা করি, এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর প্রয়াসকে বিঘ্নিত করবে না। কিংবা সংসদ ও গণমাধ্যমের মাধ্যমে ন্যায়সংগত রাজনৈতিক কর্মকাণ্ডের চর্চাকে অসম্ভব করে তুলবে না।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্য অনেক আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে উল্লেখ করে গিবসন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানো যাবে, যাতে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, ‘এ ধরনের একটি নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা সরকার ও বিরোধী দলকে সংলাপে বসতে উৎসাহ জুগিয়ে যাচ্ছি।’
যুক্তরাজ্যের এই শীর্ষ কূটনীতিক প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি আলোচনার দুয়ার খোলা রাখার ব্যাপারে গত কয়েক দিনে রাজনৈতিক নেতারা যে আভাস দিয়েছেন, তাকেও স্বাগত জানান তিনি।
রবার্ট গিবসন বলেন, ‘এ সুযোগটি কাজে লাগিয়ে সদিচ্ছা আর নমনীয় মনোভাব নিয়ে আলোচনায় বসতে ও দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই।’