সমাবেশে পিস্তল দেখানোয় ক্যাঙ্গারু পারভেজকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল রোববার সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে পিস্তল নিয়ে হাজির হন যুবলীগের নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজ। সমাবেশের বক্তাদের পিস্তল দেখিয়ে তিনি বলেন, ‘দেখ, ক্যাঙ্গারু পারভেজ আইছে, পারলে কিছু কর।’পুলিশের কমপক্ষে ৩০ জন সদস্যদের সামনে এ ঘটনা ঘটলেও তাঁরা ছিলেন নীরব। সমাবেশে উপস্থিত দর্শক পারভেজকে পিটুনি দেয়। তখন তাঁকে উদ্ধার করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষুব্ধ লোকজন। শুরু হয় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া।পুলিশের রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হন জেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সাংস্কৃতিক কর্মী অমল আকাশ, অঞ্জন দাস, শ্যামল দাস, স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক বিশ্বজিৎ দাসসহ ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী থাকলেও লজ্জায় নাম প্রকাশ করতে চাননি তাঁরা।পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর আইন পেশার চেম্বারে তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়। এর আগে সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের কর্মী শুভ দেবকে মারধর করেন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ক্যাঙ্গারু পারভেজ। এই দুটি ঘটনায় নারায়ণগঞ্জ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।ওই হামলার প্রতিবাদে গতকাল বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক জোট। সমাবেশে সিপিবি, বাসদ ও গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমানের বক্তব্য শেষ হলে চার-পাঁচজন সহযোগী নিয়ে শহীদ মিনারের বেদীতে বক্তাদের সামনে হাজির হন পারভেজ। এ সময় শহীদ মিনারের ভেতরে ও ফটকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ও কালামের নেতৃত্বে পুলিশের কমপক্ষে ৩০ জন সদস্য ছিলেন। তাঁদের সামনেই পারভেজ তাঁর পিস্তল বের করে সমাবেশের বক্তাদের বলেন, ‘দেখ, ক্যাঙ্গারু পারভেজ আইছে, পারলে কিছু কর।’ওই সময় সমাবেশের বক্তা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন শহীদ মিনারের বেদী থেকে নেমে পারভেজকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু পিস্তল নিয়েই তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন যুবলীগের নেতা পারভেজ। পুলিশ পারভেজকে আটক না করায় ক্ষুব্ধ জনতা তাঁকে ধরে কিল-ঘুষি দেন। একপর্যায়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে। ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। শুরু হয় পুলিশের সঙ্গে জনতার পাল্টাপাল্টি ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের কমপক্ষে ৩০টি গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হন কমপক্ষে ১৫ জন।পুলিশের লাঠিপেটায় অচেতন হয়ে পড়েন গণসংহতি আন্দোলনের তরিকুল। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রাত ১০টার দিকেও তাঁর চেতনা ফিরেনি বলে গণসংহতি আন্দোলনের কর্মীরা জানিয়েছেন।সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যা মামলার আসামি ক্যাঙ্গারু পারভেজ আমাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে শহীদ মিনারে অস্ত্র নিয়ে ঢুকেছিলেন। একপর্যায়ে তিনি পিস্তলটি তাঁর সঙ্গীদের দিকে ছুড়ে মারেন। শহীদ মিনারে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের লোকজন পারভেজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও পুলিশ উল্টো আমাদের লোকদের ওপর হামলা চালায়। পুলিশ পরে পারভেজের অস্ত্র গায়েব করে ফেলে।’এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে। পারভেজের সঙ্গে অস্ত্র ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, ‘ক্যাঙ্গারু পারভেজকে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি দাবি করেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় সমাবেশের লোকজন তাঁকে শহীদ মিনারে নিয়ে গিয়ে পিটুনি দিয়েছে।’