মেডিকেল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে আন্দোলনকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।এদিকে সকালে পুলিশের বাধার মুখে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত সমাবেশ করতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ লাঠিপেটা করে, সমাবেশের ব্যানার ও প্রচারপত্র ছিনিয়ে নেয়। আটজনকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে আজ সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন আন্দোলনকারীরা।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহীদ মিনারে কর্মসূচি পালন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি লাগে। তাঁরা অনুমতি নেননি। এ ছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন। শিক্ষার্থী হওয়ায় সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখা হয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং ব্যানার ও প্রচারপত্র ছিনিয়ে নেয়। লাঠিপেটার কথা অস্বীকার করে পুলিশের পরিদর্শক (টহল) শহিদ চৌধুরী বলেন, লাঠিপেটা দূরে থাক, তাঁদের ধাওয়াও দেওয়া হয়নি। অনুমতি না থাকায় সেখান থেকে তাঁদের সরে যেতে বলা হয়।ছত্রভঙ্গ শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় আবার জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সরকারের সিদ্ধান্ত বাতিল এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে তাঁরা মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কয়েকটি বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।সমাবেশে উপস্থিত হয়ে সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী ভর্তি পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন। শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।