সমাবেশে বাধা এলে বিএনপি চুপ থাকবে না: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২৫ অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশে সরকার বাধা দিলে নেতা-কর্মীরা চুপ করে বসে থাকবেন না। নিজেদের নিরাপদ রাখতে তাঁরাও মাঠে প্রস্তুত থাকবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন ২৫ অক্টোবরের জনসমাবেশ রুখতে পারবে না। সরকার ইতিমধ্যেই ১৮-দলীয় জোটের মহাসমাবেশ বানচাল করতে বিএনপির দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে সরকারের এটা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের অগণতান্ত্রিক আচরণ বন্ধ না করলে তা সরকারের জন্য মঙ্গল হবে না।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী বলে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। এখন সরকারের আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে। সমাবেশের অনুমতি পাওয়া না গেলেও যেকোনো মূল্যে সমাবেশ করা হবে।
রিজভী আরও বলেন, ‘সরকারের শেষ সময়ে যখন তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়ার কথা, তখন তারা তা না করে ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের কোনো ষড়যন্ত্রই এ দেশের মানুষ সফল হতে দেবে না। আমরা সরকারের এমন অগণতান্ত্রিক ও ঘৃণ্য আচরণের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম, সোহেল হোসনাইন, হাসিবুর রহমানসহ দলের নেতারা।