সমাবেশে বাধা দিলে সরকারকে ঘিরে ফেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ ঢাকায় বিরোধী দলের সমাবেশে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, ‘ঢাকায় যেতে বাধা দিলে সারা দেশে আপনাদের ঘিরে ফেলা হবে। তারপর পালানোর পথ পাবেন না।’গতকাল বিকেলে চট্টগ্রামে নগর বিএনপির এক প্রস্তুতি সভায় এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঢাকা যাওয়ার পথে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনতার সম্মিলিত প্রতিবাদকে দমন করার শক্তি এ সরকারের নেই। সরকারের মন্ত্রীরা এখন ভয় পেয়ে আবোলতাবোল বকছেন। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে গতকাল এ প্রস্তুতি সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এম কে আনোয়ার সরকারের ‘ভারত তোষণের’ সমালোচনা করেন। তিনি বলেন, ‘ভারতীয় সংবাদপত্রগুলো লিখছে সীমান্তে হত্যার ঘটনায় ভারত সরকারের ক্ষমা চাওয়া উচিত। অথচ আমাদের মন্ত্রীরা বলছেন, সীমান্তে হত্যা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা ভারতকে তোষণ ছাড়া আর কিছু নয়। গত তিন বছরে সরকার ভারতকে সবকিছু দিয়েছে। এই আওয়ামী লীগ গায়ের কাপড় পর্যন্ত ভারতকে খুলে দিতে চাইছে।’নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল প্রমুখ।