সমাবেশে বাল্যবিবাহকে 'লাল কার্ড'

চুয়াডাঙ্গা শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গতকাল রোববার বাল্যবিবাহবিরোধী সমাবেশ হয়েছে। সেখানে হাজারো মানুষ বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখায়। পাশাপাশি শপথ নেয়, ‘বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ মানব না’।
বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিন, কাজি, গ্রাম পুলিশ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে সদর উপজেলা প্রশাসন ওই সমাবেশের আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান। তিনি বলেন, বাল্যবিবাহে সারা দেশে চুয়াডাঙ্গা দ্বিতীয়। শুধু এই কারণে আত্মহত্যার প্রবণতা, সামাজিক ও পারিবারিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। একই কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমছে না।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, ‘বাল্যবিবাহকে ব্যাধি হিসেবে চিহ্নিত করে তা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক অন্যান্য কুসংস্কারকেও না বলতে হবে। সকলেই আমরা সমাজসংস্কারক হব—স্বাধীনতার মাসে এই হোক আমাদের শপথ।’
অনুষ্ঠানে পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, প্রতিটি থানায় মাসে ১৮ থেকে ২০টি মামলা হয়। এর মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ মামলার কারণ বাল্যবিবাহ। বাল্যবিবাহ বন্ধ হলে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি হবে।
জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, বাল্যবিবাহের পেছনে ইভ টিজিং অনেকটাই দায়ী। অনেক অভিভাবক একপ্রকার বাধ্য হয়েই মেয়েকে বাল্যবিবাহ দিয়ে থাকেন। ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, জেলায় প্রতিবছর যত বিয়ে হয়, তার এক-তৃতীয়াংশই বাল্যবিবাহ। ২০১৫ সালে মোট ১৬টি বাল্যবিবাহবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কাজি ও অভিভাবকসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ ২১ জনকে শাস্তি দেওয়া হয়। গত এক মাসে আরও তিনজন কাজিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা। বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কাজিদের সহকারীরা। তাঁরা টাকার লোভে বাল্যবিবাহ পড়িয়ে থাকেন।
জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, বাল্যবিবাহের জন্য অনেক বাবা-মা দায়ী। গত তিন মাসে প্রকৃত কাজিরা একটিও বাল্যবিবাহ পড়াননি। কথিত ভুয়া কাজিরা অন্তত ২০টি বাল্যবিবাহ পড়িয়েছেন। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।
সমিতির সভাপতি রবিউল ইসলাম হুঁশিয়ারি দেন, কেউ বাল্যবিবাহ পড়ালে তাঁকে ধরে আইনে সোপর্দ করা হবে।
পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী দাবি করেন, ‘বাল্যবিবাহের অন্যতম কারণ ভুয়া জন্মসনদ। নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমিসহ বর্তমান পরিষদের একজন কাউন্সিলরও ভুয়া জন্মসনদ দিইনি, ভবিষ্যতেও দেব না।’