সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি, পর্যালোচনা করছে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আগামীকাল শুক্রবার বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে লিখিতভাবে অনুমতি চায়।

ডিএমপির কার্যালয় থেকে বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু সাংবাদিকদের বলেন, তাঁরা কাল বেলা দুইটায় নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ সময় কার্যালয়ে ছিলেন না। তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুই ঘণ্টা পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও ডিএমপি কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বেলা একটার সময় এক অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ১৮-দলের পক্ষ থেকে বিএনপির চিফ হুইফ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপির কার্যালয়ে এসেছিল। তাঁরা আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। আমরা নাগরিকদের নিরাপত্তা, জানমালরক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করছি। সমাবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি।

এর আগে বিএনপি ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। এখন পর্যন্ত অনুমতি পায়নি। তাই আজ আবার অনুমতি চাওয়া হয়েছে।

২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।