সমাবেশের কারণে যান চলেছে কম, দুর্ভোগ
পলোগ্রাউন্ডমুখী মিছিলের কারণে গতকাল সারা দিন চট্টগ্রাম নগরে বাস চলাচল ছিল খুবই কম। অল্পসংখ্যক যেসব যান চলেছে, সেগুলোও মিছিলের কারণে দীর্ঘক্ষণ নগরের বিভিন্ন স্থানে আটকে ছিল। এতে নগরের সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।মহাসমাবেশের কারণে অনেকগুলো তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। মুরাদপুর এলাকায় বসবাসকারী এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সমাবেশে যাওয়ার জন্য প্রতিজনকে ৪০০ টাকা দেওয়া হয়েছে। এ জন্য আজ কাজে যাইনি।’মহাসমাবেশে শত শত গাড়ি ভাড়া করে বিভিন্ন জেলা থেকে কর্মী আনা হয় বলে পরিবহনের মালিকেরা জানান। চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘মহাসমাবেশে লোক আনতে চট্টগ্রামের প্রায় সব গাড়িই অতিরিক্ত টাকায় ভাড়া নেওয়া হয়। খাগড়াছড়ি থেকে কর্মী আনতে একটি বাসের ভাড়া দেওয়া হয়েছে ১২ হাজার টাকা। সাধারণত অন্য সময় এই রুটে একটি বাস আট হাজার টাকায় ভাড়া হয়।’ তিনি বলেন, ‘নগরের শাহ আমানত সড়কে আমার কিছু মাটি কাটার কাজ চলছে। আজ সেখানে ১০০ শ্রমিক আসেনি। তাদের প্রত্যেককে ৪০০ টাকা করে দেওয়া হয়েছে বলে শুনেছি। দুপুরে হাটহাজারী যাওয়ার পথে দেখি রাস্তায় বিএনপির কর্মী নিয়ে আসা বাস ছাড়া আর কোনো গাড়ি নেই।’চট্টগ্রামে মহাসমাবেশের কারণে বেশির ভাগ সরকারি কার্যালয়ে ঢিলেঢালা ভাব দেখা যায়। কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ছিলেন অনুপস্থিত। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) এই দৃশ্য দেখা যায়। সিটি করপোরেশন ও পিডিবির বিএনপি-সমর্থিত কর্মচারীরা দুপুরেই কর্মস্থল ছেড়ে যান। সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. তৈয়বুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওপর অনেক দায়িত্ব ছিল। বিভিন্ন স্থান থেকে আসা লোকজনকে পানীয়সহ বিভিন্ন আপ্যায়ন করাতে হয়েছে। এ জন্য সারা দিনই ব্যস্ত ছিলাম।’নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দুপুর থেকেই সিডিএ এভিনিউসহ নগরের প্রধান সড়ক দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে থাকেন। তাই এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ চট্টগ্রাম থেকে মিছিল আসতে থাকায় কর্ণফুলী শাহ আমানত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) কর্মচারী সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘কারখানা থেকে শাহ আমানত সেতুর কাছে এসে দেখি গাড়ি আর চলে না। তাই সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে শহরে আসি। এ সময় শত শত লোককে হেঁটে শহরে আসতে হয়েছে। তাদের মধ্যে অনেক নারী-শিশুও ছিল।’