>*আদালতে চার সাক্ষীর জবানবন্দি *ঘটনার দিন ট্রাক ও ট্রাক্টর ভাড়া করে হরিপুর থেকে লোক নেওয়া হয়েছিল সমাবেশস্থলে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে সমাবেশ থেকে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়, সেখানে লোকজন নেওয়ার জন্য ট্রাক ও ট্রাক্টর ভাড়া করেছিলেন স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, তাঁর ভাই ও সমর্থকেরা।
হামলার ঘটনায় আদালতে চারজন সাক্ষীর ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে। হামলার পর ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তাঁদের জবানবন্দি নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আদালতে জবানবন্দি দেওয়া চারজনই সাক্ষী। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বাসিন্দা ও ট্রাক্টরমালিক নুরুল হক, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ট্রাকচালক পারভেজ খান, ফারুক মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আহাদ মিয়া মন্দির হামলার ঘটনায় করা মামলায় সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নুরুল হকের ট্রাক্টরে করে ওই সমাবেশে লোকজন নেওয়া হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরুল হক বলেন, ৩০ অক্টোবর হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুঠোফোনে তাঁকে জানান, চারটি ট্রাক্টর লাগবে। পরে তিনি ও স্থানীয় হিরা মোল্লা দুটি ট্রাক্টর পাঠান হরিণবেড় বাজারে। সেখান থেকে ট্রাক্টরে করে নাসিরনগর উপজেলা সদরের সমাবেশে লোকজন নিয়ে যাওয়া হয়। একটি ট্রাক্টরের চালক কামরু মোল্লাকে দুটি গাড়ির জন্য দুই হাজার টাকা করে ভাড়া দেন আতিকুর রহমান।
হবিগঞ্জের মাধবপুর ট্রাক মালিক সমিতি সূত্র জানায়, মাধবপুর উপজেলা থেকে মাঝারি আকারের কয়েকটি ট্রাকে করে হরিপুর থেকে নাসিরনগর উপজেলা সদরের ওই সমাবেশ লোকজন নেওয়া হয়েছিল। আদালতে জবানবন্দি দেওয়া মাধবপুরের ট্রাকচালক পারভেজ খান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনার দিন সকাল নয়টার দিকে মাধবপুরের সাতবর্গ বাস টার্মিনালে মোটরসাইকেলে করে জাহাঙ্গীর, রুবেল ও সুজন নামে তিনজন লোক আসেন। তাঁরা নাসিরনগর উপজেলা সদরে সমাবেশের জন্য পাঁচটি ট্রাক ১ হাজার ৫০০ টাকা করে ভাড়া করেন। পারভেজ খান ট্রাক নিয়ে সকাল ১০টায় হরিণবেড় বাজারে যান। সেখান থেকে লোকজন নিয়ে নাসিরনগর সদর উপজেলায় যান।
হরিপুরে খোঁজ নিয়ে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়া রুবেলের পুরো নাম দেওয়ান রুবেল। তিনি ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুরের বড় ভাই। অন্য দুজন জাহাঙ্গীর ও সুজন চেয়ারম্যানের সমর্থক।
যোগাযোগ করা হলে দেওয়ান আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।’ ওই দিন হরিপুর থেকে ট্রাক নাসিরনগর সদরে গিয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গ্রামের ভেতরে ছিলাম। আর কিছু জানি না।’
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ওই চেয়ারম্যান পুলিশের নজরদারিতে আছে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।