চট্টগ্রামের লালদীঘি মাঠে গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ কর্মসূচি ছিল। তবে পুলিশ অনুমোদন না দেওয়ায় জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় সেখানে কড়া পুলিশি পাহারা ছিল।সমাবেশে উপস্থিত সব কর্মীর হাতে ছিল এক-দেড় হাত লম্বা লাঠি। এতে চরমোনাইর পীর মো. রেজাউল করীম বক্তব্য দেন।জানা গেছে, সমাবেশ শেষে চলে যাওয়ার সময় দলের একজন কর্মী কাগজে মোড়ানো রক্তভর্তি একটি থলে ফেলে যান সিটি করপোরেশনের সামনের ছোট সড়কদ্বীপে। নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ থলেটি উদ্ধার করেন।মাহমুদ বলেন, পুলিশ অ্যাকশনে গেলে তারা এই রক্ত দলের কোনো কর্মীর গায়ে ঢেলে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করেছিল। এমনও হতে পারত, তারা নিজেরাই কোনো অঘটন ঘটিয়ে তার দায় পুলিশের ওপর চাপিয়ে দিত। তিনি বলেন, রক্তের থলেটি ছিল অনেক পুরোনো। পুলিশ জানায়, লালদীঘি ময়দানে গতকাল বিকেলে একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ওলামা লীগ সমাবেশ করার ঘোষণা দেয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় স্থানীয় পুলিশ প্রশাসন কোনো পক্ষকে সমাবেশের অনুমতি দেয়নি। এ কারণে ইসলামী আন্দোলন আন্দরকিল্লায় তাৎক্ষণিক সমাবেশ করে।