সমালোচকদের মতে সরকার কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব কমন্স লাইব্রেরি’র তৈরি করা বাংলাদেশ-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ‘বাংলাদেশ: জানুয়ারি ২০১৬ আপডেট’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন গত ৮ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচকদের অভিযোগ, শেখ হাসিনার সরকার ক্রমেই কর্তৃত্বপরায়ণ (অথোরেটারিয়ানিজম) হয়ে উঠছে। যদিও জনমত জরিপে দেখা যাচ্ছে, অর্থনীতি ভালো অবস্থায় এবং শেখ হাসিনা সরকার এখনো জনপ্রিয়। অবশ্য বিএনপি সরকারের গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গণমাধ্যমগুলো কর্তৃপক্ষের অব্যাহত চাপের মুখে রয়েছে এবং নিরাপত্তা বাহিনীগুলো বিশেষ করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার ও বিরোধী রাজনীতিকদের ‘গুমের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়।
ব্রিটিশ সরকার ও এমপিদের দায়িত্ব পালনের সহায়ক হিসেবে হালনাগাদ তথ্য দিয়ে ওয়াকিবহাল করে তুলতে এ ধরনের গবেষণা প্রতিবেদন তৈরি করে হাউস অব কমন্স লাইব্রেরি। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্রিটিশ সরকার ও এমপিরা সিদ্ধান্ত নিয়ে থাকেন।
বাংলাদেশ-বিষয়ক এই প্রতিবেদনে মূলত ২০১৫ সালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, যুক্তরাজ্য ও ভারতের সঙ্গে সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, রানা প্লাজা, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। যাতে বলা হয়, ‘২০১৯ সালের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ বলে প্রতীয়মান হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন চলমান দুর্নীতির মামলায় অভিযুক্ত খালেদা জিয়া ২০১৫ সালে সংলাপের আহ্বান জানাতে শুরু করেন। তিনি ২০১৯ সালে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন কয়েক বছর এগিয়ে আনার দাবিও তোলেন। ধারণা করা হয়, দ্রুততম সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিনিময়ে বিএনপি হয়তো তাদের দাবিতে ছাড় দিতে রাজি আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে সংলাপের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও অতীত নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো আভাস তারা দেয়নি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের শুরুতে ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে টানা হরতাল ও অবরোধের ফলে শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা এবং এর ফলশূন্য সমাপ্তি খালেদা জিয়ার বড় রাজনৈতিক পরাজয় হিসেবে বিবেচনা করা হয়। এতে বলা হয়, বিএনপির এ অবস্থা সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে, দলটি পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় অক্ষম। বছরের শেষের দিকে দলটি ভেঙে ‘তৃণমূল বিএনপি’ গঠিত হয়েছে।
খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের মে মাসে দায়ের করা গাড়ি পোড়ানো ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে বাংলাদেশ-বিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়, দুর্নীতির অভিযোগের বাইরে এটি খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠনের ঘটনা। আদালতে দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়ার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে এবং তিনি রাজনীতি ছাড়তে বাধ্য হতে পারেন বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।
প্রতিবেদনের ‘নির্বাচনী সুযোগ সংকোচন’ শীর্ষক অনুচ্ছেদে গত বছর অনুষ্ঠিত সিটি মেয়র নির্বাচনে দলীয় প্রতীক চালুর প্রসঙ্গ টেনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন। প্রথম দিকে বিএনপি ওই নির্বাচনে থাকার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে ওই নির্বাচন বর্জন করে।
গত বছর চারজন ব্লগার ও দুজন প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার পথে নীরব প্রভাব ফেলছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বছরের শেষের দিকে বিদেশি নাগরিক ও ক্ষুদ্র শিয়া সম্প্রদায় আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর বাতিল করে। কোনো কোনো ক্ষেত্রে ‘ইসলামিক স্টেট (আইএস)’ দায় স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে তা উড়িয়ে দেওয়া হয়েছে।