দেশে-বিদেশে বিরোধিতা ও নানামুখী সমালোচনা উপেক্ষা করেই এগোচ্ছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন প্রক্রিয়া। এ প্রকল্পের বিরোধিতায় পরিবেশবাদীদের সঙ্গে যুক্ত হয়েছে মানবাধিকার সংগঠন, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী সংস্থা। কিন্তু এর মধ্যেও চলছে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রকল্প এলাকায় বনায়নসহ অন্যান্য কার্যক্রম।
শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন পরিবেশবাদীরা। তাঁদের বক্তব্য, সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে বিশ্ব ঐতিহ্যের অংশ ও জাতীয় গুরুত্বপূর্ণ এই বন ধ্বংস হয়ে যাবে। প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের (ইআইএ) যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
কিন্তু প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)’ পরিবেশবাদীদের বক্তব্য সঠিক নয় দাবি করে তা আমলে নেয়নি। তারা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে। এর অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বখ্যাত জার্মান কোম্পানি ‘ফিশনার’কে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ‘ওনার্স ইঞ্জিনিয়ার’ নিয়োগ দেওয়া হয়। ওনার্স ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, নির্মাণ ঠিকাদার (ইপিসি কন্ট্রাক্টর) নিয়োগ, দরপত্র দলিল চূড়ান্ত করা ও নির্মাণ পর্যায়ের কাজ তদারক করা। এর কিছুদিন পর প্রকল্পের কয়লাসংক্রান্ত পরামর্শক (কোল কনসালট্যান্ট) নিয়োগ করা হয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘প্রাইস ওয়াটার হাউস’কে। এর কাজ হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লার উৎস খুঁজে বের করা, কয়লার মান নির্ণয় এবং উৎস থেকে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত কয়লা পৌঁছানোর পন্থা নির্ধারণ।
প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ায় বিআইএফপিসিএলের অংশীদার ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) থেকে গত বছরের ডিসেম্বরে ৪৩০ কোটি টাকার (প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড) বিনিয়োগ প্রত্যাহার করে নরওয়ে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মোট ৫৩টি কোম্পানি থেকে নরওয়ের বিনিয়োগ প্রত্যাহারের অংশ এটি। এসব কোম্পানির বিভিন্ন প্রকল্পে পরিবেশের তোয়াক্কা না করে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অভিযোগ রয়েছে।
ওই ৫৩টির মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পিবাডি এনার্জি, আর্চ কোল ও আলফা ন্যাচারাল রিসোর্সেসসহ ১৬টি কোম্পানি রয়েছে। ভারতের সর্ববৃহৎ সরকারি কয়লা কোম্পানি ‘কোল ইন্ডিয়া’সহ রয়েছে ১৩টি কোম্পানি। এই ১৩টি থেকে প্রত্যাহার করা মোট অর্থের পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা (ছয় কোটি পাউন্ড)। চীনের তিনটি কোম্পানি থেকেও সাড়ে ছয় কোটি পাউন্ড প্রত্যাহার করা হয়। তবে একই সঙ্গে চীনের কয়েকটি কোম্পানিতে ৬ কোটি ১০ লাখ পাউন্ড বিনিয়োগ করা হয়।
ডিসেম্বরে এনটিপিসি থেকে নরওয়ের তহবিল প্রত্যাহারের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিআইএফপিসিএল প্রকল্পের দরপত্র আহ্বান ও মার্চে প্রাক্-দরপত্র সম্মেলনের আয়োজন করে। গত ২৩-৩৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে বিভিন্ন দেশের ২২টি কোম্পানির ৮৩ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে অংশ নেওয়ার আগে নয়টি কোম্পানির ৪৮ জন প্রতিনিধি রামপালে প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
ওই সম্মেলনে অংশ নেওয়া কোম্পানিগুলো তখন দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো ছাড়াও ক্ষতিপূরণের বিধান (কমপেনসেশন মেকানিজম) রাখার দাবি করে। সে অনুযায়ী ১৮ মে দরপত্র জমা দেওয়ার পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে আগামী ১৭ জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়েছে। বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বিজয় শংকর তাম্রকার প্রথম আলোকে বলেন, যেহেতু প্রকল্পের ৭০ শতাংশ অর্থ দরপত্রে অংশগ্রহণকারীদেরই জোগাড় করতে হবে, সেহেতু তাদের সময় বাড়ানোর দাবির যৌক্তিকতা আছে।
বিজয় শংকর তাম্রকার বলেন, পাঁচটি কোম্পানি দরপত্র দলিল সংগ্রহ করেছে। এর মধ্যে দুটি কোম্পানি চীনের এবং জাপান, কোরিয়া ও ভারতের একটি করে। এ ছাড়া আরও তিনটি কোম্পানি দরপত্র দলিল কেনার প্রক্রিয়া চালাচ্ছে। এগুলো যুক্তরাষ্ট্র, জাপান ও কোরিয়ার।
ইতিমধ্যে সরকারের বন বিভাগের সঙ্গে বিআইএফপিসিএল একটি চুক্তি করেছে প্রকল্প এলাকায় দুই লাখ গাছের চারা রোপণের। বন বিভাগের পরামর্শ অনুযায়ী স্থানীয় পরিবেশ-প্রতিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চারাগুলো লাগানোর কাজও শুরু হয়েছে। তাম্রকার বলেন, সুন্দরবন কিংবা প্রকল্পের আশপাশের পরিবেশ-প্রতিবেশের যাতে ক্ষতি না হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নিয়েই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এদিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুনভাবে ইআইএ করে তার ভিত্তিতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও প্রয়োজনে প্রকল্পের স্থান পরিবর্তনের দাবি করেছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মানবাধিকার সংগঠনগুলোর নেটওয়ার্ক সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। গত ১২ এপ্রিল ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ইআইএ করার আগে প্রকল্পের কাজ বন্ধ রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি।
১৬ এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রামপাল ও মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে তথ্য-প্রমাণ উল্লেখ করে বলা হয়, ওই দুটি প্রকল্পের ইআইএ প্রণয়নে অনিয়ম ও ভূমি অধিগ্রহণে দুর্নীতি হয়েছে। ওই দিন সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে প্রকল্প দুটি বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানায় টিআইবি।
কয়েকটি সূত্র জানায়, রামপাল প্রকল্পের অর্থায়ন নিয়ে এখনো বেশ সমস্যা রয়েছে। এ প্রকল্পে মোট বিনিয়োগ করা অর্থের মধ্যে বাংলাদেশ ও ভারত ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশের জোগান দেবে। বাকি ৭০ শতাংশ ঋণ করা হবে। সেই ঋণের সংস্থান না হওয়ায় এখন ‘বিডার্স ফিন্যান্স’-এ (প্রতিযোগিতামূলক দরপত্রে যারা কাজ পাবে, তারাই ঋণের উৎস খুঁজে বের করবে) প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ ছাড়া কয়েকটি দেশের কাছ থেকে এমন প্রস্তাবও পাওয়া গেছে যে প্রকল্পের জন্য তাদের দেশ থেকে যন্ত্রপাতি কিনলে তারা তা ঋণে সরবরাহ করতে রাজি আছে। এসব দেশের মধ্যে জার্মানি ও সুইডেনও রয়েছে।