সমালোচনার মুখে হামিদ মির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সৈয়দ আসিফ শাহকার
সৈয়দ আসিফ শাহকার

বাবাকে দেওয়া পুরস্কার ফেরত দেওয়ার কোনো অধিকার হামিদ মিরের নেই: সৈয়দ আসিফ শাহকার

একাত্তরে মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধু হিসেবে হামিদ মিরের বাবা পাকিস্তানি কলামিস্ট ওয়ারিস মিরকে ২০১৩ সালের মার্চে সম্মাননা দিয়েছিল বাংলাদেশ।

আর সেই সময় পাকিস্তানে থেকে গণহত্যার প্রতিবাদকারী আসিফ শাহকার ২০১২ সালে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা পান। বাংলাদেশের মানুষের পক্ষ নেওয়ায় জেল-জুলুম সহ্য করে একপর্যায়ে পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে সুইডেনের নাগরিকত্ব নেন তিনি। সুইডেনের বিচারপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আসিফ শাহকার প্রথম আলোকে বলেন, ‘হামিদ কেন তাঁর বাবার বন্ধুর কাছ থেকে পাওয়া যুদ্ধ সম্মাননাটি ফেরত দিতে চাচ্ছেন? এটা খুবই হতাশাজনক এবং রহস্যময়। এটা খুবই দুঃখের বিষয়। আমি ঠিক জানি না হামিদ মির কার প্রতিনিধিত্ব করছেন? তাঁর বাবার, যিনি অনেক আগেই মারা গেছেন? এই পুরস্কারটি তাঁর বাবাকে দেওয়া, এটি হামিদ মিরকে দেওয়া হয়নি। তাই এটি ফেরত দেওয়ার কোনো অধিকার হামিদ মিরের নেই। আমি আশা করব পাকিস্তান ও বাংলাদেশ মতবিরোধ মিটিয়ে বন্ধুত্বের পথে হাঁটবে। তাদের দুজনেরই একই ধরনের অনেকগুলো শত্রু রয়েছে, যেমন ইসলামি জঙ্গিবাদ, দারিদ্র্য ইত্যাদি। তাদের একসঙ্গে কাজ করা উচিত।’

এদিকে হামিদ মির বিবিসিকে বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য দায়ী। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান প্রতারণার শামিল।

হামিদ মিরের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসি বাংলাকে বলেন, ‘পুরস্কার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নিজের বাবাকে অসম্মান করছেন হামিদ মির। পাকিস্তানে যারা ২৫ মার্চের গণহত্যা স্বীকার করে না এবং বাংলাদেশের প্রতি সে সময় যে ন্যক্কারজনক ভূমিকা রেখেছিল, যারা এখনো সে জন্য ক্ষমা চায়নি, তাদের লেজুড়বৃত্তি করছেন হামিদ। পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনা দুঃখজনক এবং আমরা এর নিন্দা জানাই। আশা করি তাঁর পরিবার এটি পুনর্বিবেচনা করবে।’

ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বিবিসি বাংলাকে বলেন, ‘এ পুরস্কার পাকিস্তানকে দেওয়া হয়নি। মানবাধিকারের প্রতি ওই ব্যক্তিদের দায়বদ্ধতার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কোনো পুরস্কার দিইনি। হামিদ মির যদি সত্য থেকে বিচ্যুত হন, তবে আমরা সানন্দে এ পুরস্কার ফিরিয়ে নেব।’

তবে হামিদ মির বলেছেন, বাংলাদেশের গণহত্যার বিষয়ে নিজের অবস্থান থেকে তিনি বিচ্যুত হননি।