প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘যাঁরা ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প (কুইক রেন্টাল) পদ্ধতির সমালোচনা করছেন, তাঁরা অজ্ঞ। আর অজ্ঞ যদি না হন, তাহলে তাঁরা জ্ঞানপাপী। জ্ঞানপাপী যদি না হন, তাহলে তাঁরা সরকারবিরোধী। আর সরকারবিরোধী যদি না হন, তাহলে তাঁরা দেশবিরোধী।’গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এনার্জি অ্যান্ড পাওয়ার নামের একটি সাময়িকী (ম্যাগাজিন) আয়োজিত কর্মশালায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ বক্তব্য দেন। তিনি বলেন, অল্প সময়ে বিদ্যুৎ-সমস্যা সমাধানে ভাড়াভিত্তিক পদ্ধতির কোনো বিকল্প ছিল না। দ্রুত ব্যবস্থা নিতে সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্যই এটি করা হয়েছে। এ জন্য সরকারকে সাধুবাদ জানানো উচিত।আগামী বাজেটে বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিদ্যুতের সমস্যা সমাধানে প্রতিবেশী দেশের কাছ থেকে সরকার বিদ্যুৎ আমদানি করারও চিন্তা করছে বলে জানান তিনি।ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের উচ্চমূল্যের কারণে এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেড়েছে। সরকার যখন ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করে, তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ২৬ টাকা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে তা দাঁড়িয়েছে ৬০ টাকায়।তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, যাঁরা সমালোচনা করছেন, পরিস্থিতি সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। এ ধরনের মন্তব্যের মাধ্যমে সরকারের সাফল্যকে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিদ্যুতের সমস্যার কারণে সৃষ্ট দুর্ভোগ শিগগিরই দূর হবে দাবি করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বর্তমানে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আরও বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। তখন আর সমস্যা থাকবে না। বর্তমান সরকার গ্যাসের উৎপাদন এক হাজার ৭০০ মিলিয়ন কিউবিক ফুট থেকে দুই হাজার ১০০ কিউবিক ফুটে উন্নীত করেছে। কর্মশালায় সভাপতিত্ব করেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামাল উল্লাহ প্রমুখ।